শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডা. আবুল কাশেম
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর বাবা ডা. আবুল কাশেম মঙ্গলবার দিবাগত রাতে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স ছিল ৮৭ বছর।
জিয়াউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার বাদ ফজর গুলশানের আজাদ মসজিদে এবং বাদ জোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে তাঁর বাবার জানাজা হবে। এরপর চট্টগ্রাম শহরের চান্দগাঁও আবাসিক এলাকায় মরহুমের দাফন হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় ডা. আবুল কাশেমের মরদেহ ব্যাংকক থেকে ঢাকায় আনা হয়। গতকাল রাতেই মরদেহ নিয়ে স্বজনেরা গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের উদ্দেশে রওনা দেন।
প্রয়াত ডা. আবুল কাশেম অল বেঙ্গল মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। চিকিৎসক হিসেবে তিনি দীর্ঘদিন ফেনীতে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির
ঢাকার টিকাটুলির বাসিন্দা হুমায়ুন কবির (৭৬) মঙ্গলবার রাত ৮টা ৫০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ আসর নীলফামারী জেলা শহরের পুলিশ লাইন এলাকায় তাঁর নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত তাকওয়া এতিমখানা ও মসজিদের সামনে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। হুমায়ুন কবির জীবন বীমা করপোরেশনের সাবেক ডিজিএম এবং সার্জা চ্যারিটি ইণ্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক প্রধান প্রকল্প সমন্বয়কারী ছিলেন। নীলফামারী প্রতিনিধি।