শোক
কে এম সিরাজুল ইসলাম
ঢাকার বিজ্ঞান জাদুঘরের সাবেক পরিচালক কে এম সিরাজুল ইসলাম (৮৩) গত রোববার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাসে তাঁর ছেলের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৩৩ সালে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত এবং ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ঢাকার বিজ্ঞান জাদুঘরের পরিচালক ছিলেন। তরুণদের বিজ্ঞানের প্রতি উৎসাহিত করার জন্য তিনি প্রতিবছর বিজ্ঞান জাদুঘরের মাধ্যমে দেশব্যাপী বিজ্ঞান মেলা আয়োজন করেন। বিজ্ঞপ্তি।
আল্লামা মো. ইকবাল
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আল্লামা মো. ইকবাল (৬১) গতকাল সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় লালদীঘি ময়দানে জানাজা শেষে হাটহাজারীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রফিক আহমেদ
নারায়ণগঞ্জ মেরিন টেকনোলজির সাবেক উপাধ্যক্ষ রফিক আহমেদ (৭৩) গত শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত রোববার বাদ এশা ঢাকার দোহারের দক্ষিণ শিমুলিয়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তাঁর ছেলে এ কে এম আজাদ হোসেন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞ। বিজ্ঞপ্তি।