শোক
বাবর কবির
যুক্তরাষ্ট্রের মিজৌরির ওয়াটার ডট অর্গ প্রতিষ্ঠানের বাংলাদেশ দপ্তরের পরিচালক ড. বাবর কবির (৫৮) গত ১৫ জানুয়ারি নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল ২২ জানুয়ারি শুক্রবার বাদ আসর মরহুমের নিজ বাসভবনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের থাকতে অনুরোধ করা হয়েছে। বাবর কবির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’-এর ওয়াটার স্যানিটেশন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন প্রকল্পের সাবেক ঊর্ধ্বতন পরিচালক ছিলেন। বিজ্ঞপ্তি।
মোমতাজ আহমেদ
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোমতাজ আহমেদ গত মঙ্গলবার বিকেলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় তাঁর মরদেহ নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে আনা হলে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা তাতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বাদ জোহর শহরের ব্যাপারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে কাশীপুর ঈদগাহ মাঠসংলগ্ন কবরস্থানে তাঁর মা-বাবার কবরের পাশে দাফন করা হয়। তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি।
সুবল পাল
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের সাবেক কৃতী ফুটবলার ও রেফারি সুবল পাল (৫৪) গতকাল বুধবার ভোরে নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গতকাল বেলা ১১টায় স্থানীয় শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি