শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সতীষ চন্দ্র বর্ম্মণ
নীলফামারী জেলা শহরের থানাপাড়া নিবাসী প্রবীণ শিক্ষাগুরু সতীষ চন্দ্র বর্ম্মণ (৯৫) আর নেই। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি চার ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার দুপুরে নীলফামারী কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
সতীশ চন্দ্র বর্ম্মণ নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয়ে বিএসসি শিক্ষক হিসেবে সত্তরের দশকের শেষ দিকে অবসর নেন। এরপর থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। সবার কাছে তিনি পরিচিত ছিলেন ‘সতীষ স্যার’ নামে।
সতীশ চন্দ্র বর্ম্মণের প্রয়াণে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা বিএনপির সভাপতি আনিছুল আরেফিন চৌধুরী প্রমুখ। নীলফামারী প্রতিনিধি।

মতিয়ার রহমান
স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মী এবং কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মতিয়ার রহমান (৯৩) গতকাল বুধবার সকাল সোয়া সাতটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মতিয়ার রহমান স্ত্রী, দুই মেয়ে, ছয় ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। নতুন রেলস্টেশন-সংলগ্ন খাদ্যগুদাম ঈদগাহ মাঠে আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় জানাজা শেষে নাজিরা সরকার পাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর এক ছেলে আহসান হাবীব নীলু কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। কুড়িগ্রাম অফিস