শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তাফিজুর রহমান
কক্সবাজারের শিল্প উদ্যোক্তা ও নিরিবিলি গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (৮০) গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম এবং দুপুরের নামাজের পর গ্রামের বাড়ি গোমাতলীতে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তিনি কক্সবাজার-৩ আসনের বিএনপির সাবেক সাংসদ লুৎফর রহমানের বাবা। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
জছিমন নেছা
পাবনার চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা জছিমন নেছা (৭৫) গতকাল মঙ্গলবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী ও পাঁচ ছেলে রেখে গেছেন। স্বামী বগুড়ার ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক তত্ত্বাবধায়ক দেল মাহমুদ। পাঁচ ছেলে সেনাবাহিনী ও পুলিশসহ নিজ নিজ কর্মক্ষেত্রে উচ্চ পদে থাকায় এলাকায় রত্নগর্ভা হিসেবে পরিচিত ছিলেন জছিমন নেছা। আজ বুধবার সকালে গ্রামের বাড়িতে ও পিত্রালয় ভাঙ্গুড়া উপজেলার শাহানগরে তাঁর পৃথক জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে বগুড়া শহরের মালতীনগরে তৃতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। গ্রামের বাড়ি পাবনায় হলেও স্বামীর চাকরির সুবাদে বগুড়ায় থাকে পরিবারটি। পাবনা অফিস ও বগুড়া প্রতিনিধি
বিবি ফাতেমা বেগম
ফেনী পৌরসভার মধ্যম রামপুর গ্রামের বাসিন্দা বিবি ফাতেমা বেগম (৫৫) গত সোমবার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। তিনি ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী। ফেনী অফিস।