শোক

শম্ভুনাথ নন্দী
অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভার-এর ফটোসাংবাদিক এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য শম্ভুনাথ নন্দী (৫৩) গতকাল সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তিনি স্ত্রী, দুই ছেলেমেয়ে, আত্মীয়স্বজনসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মরদেহটি হাসপাতাল থেকে জাতীয় প্রেসক্লাবে আনা হলে ক্লাব সদস্যসহ তাঁর সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানান। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্যসচিব মরতুজা আহমদ। বাসস।
অচিন্ত্য দাশগুপ্ত

উন্নয়ন গবেষক অচিন্ত্য দাশগুপ্ত (৬৬) গত রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। রাতেই সবুজবাগ শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। অচিন্ত্য দাশগুপ্তের জন্ম মানিকগঞ্জের তেওতায়। বাসস
কাজী মকবুল আহম্মদ
ফেনী পৌরসভার সুলতানপুর গ্রামের বাসিন্দা কাজী মকবুল আহম্মদ (৮৫) বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। একই দিন সন্ধ্যায় গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। কাজী মকবুল আহম্মদ প্রথম আলো ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি কাজী ইকবাল আহমেদের বাবা।