শোক
খোন্দকার সিরাজুল হক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক খোন্দকার সিরাজুল হক গতকাল বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে তাঁর মরদেহ রাখা হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম ও নগরের সাহেববাজার বড় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে শহরের কবরস্থানে লাশ দাফন করা হবে। খন্দকার সিরাজুল হক গবেষণায় সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ লাভ করেন। এ ছাড়া গবেষণা-সাহিত্যে অবদানের জন্য ২০১১ সালে ‘সা’দত আলী আখন্দ সাহিত্য পুরস্কার’ পান। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
নোমান চৌধুরী
হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর-এর সম্পাদক নোমান চৌধুরী (৬৫) গত মঙ্গলবার দুপুরে একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা ওই দিন বাদ আসর হবিগঞ্জ চান মিয়া মসজিদে অনুষ্ঠিত হয়। সদর উপজেলার দরিয়াপুর গ্রামে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নোমান চৌধুরী ৪৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি হবিগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক দৃষ্টিকোণও সম্পাদনা করতেন। হবিগঞ্জ প্রতিনিধি
শামসুল হক
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক (৭০) গতকাল বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়া মহল্লার বাসিন্দা শামসুল হক স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বেলা দুইটায় জানাজার পর তাঁর লাশ পৌর এলাকার টিকরামপুর কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।
রবেদা খাতুন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদের মা রবেদা খাতুন (৯৫) গতকাল বুধবার ভোরে নারায়ণগঞ্জে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবেদা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এবং জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন। বিজ্ঞপ্তি।