শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ কামাল উদ্দিন আহমদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ কামাল উদ্দিন আহমদ (৭০) গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সিলেটের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন সৈয়দ কামাল উদ্দিন আহমদ। কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চবিদ্যালয় মাঠে বাদ মাগরিব জানাজা শেষে রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।

হায়দার আলী

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র হায়দার আলী (৭০) গতকাল মঙ্গলবার বিকেলে ভারতের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। ১৯৯৮ সাল থেকে তিনি নড়িয়া পৌরসভার মেয়র। সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হন। হায়দার আলীর ভাই হারুন রশিদ জানান, তাঁর মরদেহ আজ বুধবার বাংলাদেশে আনা হবে। শরীয়তপুর প্রতিনিধি।