শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুর রাজ্জাক খান
পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি আবদুর রাজ্জাক খান (৭০) গতকাল বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ আসনের সাংসদ নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাঁর প্রথম জানাজা গতকাল সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার কলাপাড়া পৌর শহরে দ্বিতীয় এবং গ্রামের বাড়ি কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। আবদুর রাজ্জাক খানের মৃত্যুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ শোক প্রকাশ করেছেন। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

শেখ নওশের আলী
যশোরের অভয়নগর উপজেলার শিক্ষাঙ্গনে পরিচিত মুখ শিক্ষক শেখ নওশের আলী (৭৬) গতকাল দুপুরে অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ ছেলে, ২ মেয়ে, স্ত্রীসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। অভয়নগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম ও বগুড়াতলা গ্রামের মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। তিনি নওয়াপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ–সভাপতি ছিলেন। তাঁর মেজ ছেলে মাসুদ আলম প্রথম আলোর অভয়নগর প্রতিনিধি। যশোর অফিস