শোক
শেখ নজিবর রহমান
বাগেরহাটের প্রবীণ সাংবাদিক শেখ নজিবর রহমান (৭৯) গতকাল বুধবার বিকেলে শহরের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাট শহরের দড়াটানা মসজিদ ও স্বাধীনতা উদ্যানে পৃথক দুটি জানাজা শেষে তাঁর মরদেহ সদর উপজেলার বেমরতা ইউনিয়নের দত্তকাঠি গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হবে। শেখ নজিবর রহমান বাগেরহাট থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণ বাংলার নির্বাহী সম্পাদক ও দৈনিক দক্ষিণকণ্ঠ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বাগেরহাট প্রতিনিধি |
ফজলুল হক চৌধুরী
সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সাবেক ভিপি ফজলুল হক চৌধুরী (৬৮) গত মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের ছোলনা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ছোলনা ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁর মরদেহ ছোলনা কবরস্থানে দাফন করা হয়। ফরিদপুর অফিস |
মো. জাবেদ আহমদ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাসামপুর গ্রামের বাসিন্দা মো. জাবেদ আহমদ (৭৮) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বেলা আড়াইটায় রবিরবাজার মোহাম্মদী শাহী ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি এশিয়ান টেলিভিশন মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম এ হামিদের বাবা। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি|
কুলখানি
মোস্তাক মোহাম্মদ সিদ্দীক
রাজধানীর নিউ ইস্কাটন এলাকার বাসিন্দা মোস্তাক মোহাম্মদ সিদ্দীকের কুলখানি আজ বৃহস্পতিবার। বাদ আসর মরহুমের ২৭, নিউ ইস্কাটনের বাসভবনে এ কুলখানির আয়োজন করা হয়েছে। মোস্তাক মোহাম্মদ গত সোমবার ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
মিজানুর রহমান
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সাবেক সদস্য পরিচালক (পরিকল্পনা) মিজানুর রহমানের কুলখানি উপলক্ষে আগামীকাল শুক্রবার বাদ আসর মোহাম্মদপুরের শেখেরটেকের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। গত ২৬ জুন তিনি ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।
মৃত্যুবার্ষিকী
আবদুল কাদের
মাসিক কম্পিউটার জগৎ-এর প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আবদুল কাদেরের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ৩ জুলাই। এ উপলক্ষে বাদ আসর তাঁর ধানমন্ডির বাসভবনে (রোড-৬, বাড়ি-২৯) কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
হামিদা ঠাকুর
বাংলা একাডেমির অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক হামিদা ঠাকুরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ জুলাই। এ উপলক্ষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় আজ বৃহস্পতিবার বাদ আসর তাঁর ঢাকার গুলশানের বাসভবনে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের এতে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। হামিদা ঠাকুর ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন সরকারি কলেজেও শিক্ষকতা করেন। বিজ্ঞপ্তি।