শোক
সৈয়দা হাফসা বেগম
সিলেট নগরের মজুমদারি এলাকার বাসিন্দা সৈয়দা হাফসা বেগম (৮৮) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই মেয়ে, তিন ছেলে, আত্মীয়স্বজন ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

মো. আতিয়ার রহমান
সাতক্ষীরার মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী মো. আতিয়ার রহমান বিশ্বাস (৭৬) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
লক্ষ্মণ দাস
ষাটের দশকের কৃতী ফুটবলার কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার বাসিন্দা লক্ষ্মণ দাস (৭৫) আর নেই। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে তিনি পরলোকগমন করেন। লক্ষ্মণ দাস তিন মেয়ে, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বিকেলে ঠাকুরপাড়া শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে কুমিল্লার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। লক্ষ্মণ দাস ঢাকার ইস্পাহানী, আজাদ স্পোর্টিং, দিলকুশা স্পোর্টিং, ঢাকা ও কুমিল্লা মোহামেডান ক্লাব ও কুমিল্লা ইয়ংমেন্স ক্লাবে ফুটবল খেলেন। পাশাপাশি ৪০০ থেকে ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় কুমিল্লা জেলায় একাধিকবার চ্যাম্পিয়ন হন। তাঁর বড় ভাই মদন দাস (সম্প্রতি প্রয়াত) ও ছেলে জয় দাসও কুমিল্লার কৃতী ফুটবলার। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
ফজলুল হক বাদশা
শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক বাদশা (৬০) গতকাল বুধবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ফজলুল হক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শেরপুর শহরে শোকের ছায়া নেমে আসে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের গৌরীপুর এলাকার মৈত্রীবাড়ি মাঠে জানাজার পর নওহাটা পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা শোক প্রকাশ করেছেন। শেরপুর প্রতিনিধি
তাহমিনা হক নওরীন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী তাহমিনা হক নওরীন (২৩) মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বরিশাল নগরের প্যারারা রোডের বাসিন্দা মরহুম আবদুল হকের ছোট মেয়ে। গতকাল বুধবার বাদ আসর নগরের আছমত আলী খান ইনস্টিটিউট (এ কে স্কুল) মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ মুসলিম গোরস্থানে দাফন করা হয়। বরিশাল অফিস।