শোক
সুপ্রিয় রক্ষিত
ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক সুপ্রিয় রক্ষিত (৫৫) আর নেই। গতকাল বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা গেছেন। সুপ্রিয় রক্ষিত দীর্ঘদিন ধরে হৃদ্রোগ ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ-এর মাধ্যমে সুপ্রিয় রক্ষিত তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর তিনি দৈনিক প্রথম আলো ও দৈনিক ভোরের কাগজ-এ কাজ করেন।
মৃত্যুবার্ষিকী
রবীন সমদ্দার
কবি রবীন সমদ্দারের ১০ম মৃত্যুবার্ষিকী আজ ১০ জুলাই। এ উপলক্ষে ঢাকার লালমাটিয়ার সুবাস্তু কাবেরী অ্যাপার্টমেন্টে (ফ্ল্যাট-৪সি, ২/১ লালমাটিয়া, ব্লক-সি) পারিবারিকভাবে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে তাঁর শুভান্যুধায়ীদের অংশ নিতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
শামসুদ্দীন মোল্লা
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পূর্ব পাকিস্তান সাংবাদিক সমিতির সাবেক সভাপতি শামসুদ্দীন মোল্লার ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ফরিদপুর শামসুদ্দীন মোল্লা স্মৃতি সংসদের উদ্যোগে আজ সকালে শোক র্যালি এবং শহরের আলীপুর কবরস্থানে তাঁর কবর জিয়ারত ও মোনাজাত করা হবে। বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বিকেলে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে কোরআনখানি, স্মরণসভা এবং মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী ও শামসুদ্দীন মোল্লা স্মৃতি পদক প্রদান করা হবে। ফরিদপুর অফিস|