শোক
আবদুর রশীদ পুরকায়স্থ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক অধ্যাপক আবদুর রশীদ পুরকায়স্থ (৮৫) গতকাল রোববার ভোরে যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি দুদিন আগে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে রেখে গেছেন। নিউজার্সিতে গতকাল বাদ জোহর তাঁর দাফন সম্পন্ন হয়। আবদুর রশীদ পুরকায়স্থ ১৯৭২-৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। বিজ্ঞপ্তি

মো. আহসানুল হক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক মো. আহসানুল হক (৮৪) রাজধানীর সেগুনবাগিচায় নিজ বাসভবনে গতকাল রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। আহসানুল হকের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ ও সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি
আবুল কাশেম
পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম (৭৩) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, সাত ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার দুপুরে জানাজা শেষে সুজানগর পাইলট উচ্চবিদ্যালয়ের পাশে তাঁর লাশ দাফন করা হয়। পাবনা অফিস
মো. আবদুল মান্নান
নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন বিএনপির সভাপতি আইনজীবী মো. আবদুল মান্নান (৪০) গতকাল রোববার দুপুরে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। নোয়াখালী অফিস