শোক
জয়াপতি
টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী কল্যাণ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক জয়াপতি (৮৪) গতকাল শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন। তিনি এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা ও স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন শোক জানিয়েছেন। তিনি দানবীর রণদা প্রসাদ সাহার ছোট মেয়ে। ভারতেশ্বরী হোমসের জ্যেষ্ঠ উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া জানান, জয়াপতির মৃত্যুতে আজ শনিবার ভারতেশ্বরী হোমস, কুমুদিনী হাসপাতালসহ কুমুদিনী কল্যাণ সংস্থার সব প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মো. আলী মোল্লা
গোপালগঞ্জের চন্দ্রদীঘলিয়ার রাবেয়া আলী কলেজিয়েট গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা মো. আলী মোল্লা গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাজা শেষে গতকাল শুক্রবার তাঁর গ্রামের বাড়ি চন্দ্রদীঘলিয়ার কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মো. আলী মোল্লার রুহের মাগফিরাত কামনায় আজ শনিবার বাদ জোহর গোপালগঞ্জ জিমনেশিয়ামে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। তিনি পুলিশের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমানের বাবা। বিজ্ঞপ্তি