শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদীপ কুমার চক্রবর্তী 
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তী গত রোববার রাতে কলকাতার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ মঙ্গলবার বেলা তিনটা থেকে তাঁর মরদেহ ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে এক ঘণ্টার জন্য রাখা হবে। এরপর লালবাগ মহাশ্মশানে মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদীপ কুমার চক্রবর্তীর মৃত্যুতে শোক জানিয়েছেন। বিজ্ঞপ্তি

জাকারিয়া মাহমুদ
বাগেরহাট প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য এস এম জাকারিয়া মাহমুদ (৬৫) শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর তাঁকে স্থানীয় সরুই কবরস্থানে দাফন করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি

হাসিনা হায়দার 
প্রয়াত কবি সৈয়দ হায়দারের স্ত্রী হাসিনা হায়দার (৬২) রোববার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়বেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের ছোট বোন। 
গতকাল সোমবার বাদ আসর জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার বাদ আসর মরহুমার আদাবরের বাসায় কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি

শাহ হাদিউজ্জামান
যশোর জেলা পরিষদের চেয়ারম্যান শাহ হাদিউজ্জামান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৯৭০ সালের গণপরিষদ সদস্য ছিলেন। শাহ হাদিউজ্জামান স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার দিয়ে গতকাল সোমবার তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। যশোর প্রতিনিধি

ফরিদা ইয়াছমিন
নোয়াখালীর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাম্মেল হকের স্ত্রী ফরিদা ইয়াছমিন (৫৫) শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগে গতকাল সোমবার শহরের নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। রাতে জানাজার পর ফরিদা ইয়াছমিনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নোয়াখালী অফিস