শোক
এম এ সাত্তার পাটোয়ারী
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সম্পাদক এম এ সাত্তার পাটোয়ারী (৭০) গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সমিতির সভাপতি মোস্তফা কামাল ও সম্পাদক মোসলেহ মিয়া শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি
মঙ্গলচন্দ্র ঘোষ
গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকার বাসিন্দা মঙ্গলচন্দ্র ঘোষ (৯০) গত বুধবার রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পর দুপুরে সব ধর্মীয় প্রার্থনাসভা আয়োজন করা হয়। পরে বিকেলে পারিবারিক শ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। তিনি দৈনিক ইত্তেফাক-এর ব্যবস্থাপনা সম্পাদক আশীষ সৈকতের বাবা। গাজীপুর প্রতিনিধি
এম এ হারেছ
নেত্রকোনার মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হারেছ (৬২) গত বুধবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই স্ত্রী, দুই মেয়ে, পাঁচ ছেলেসহ আত্মীয়স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার চানপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নেত্রকোনা প্রতিনিধি।