শোক
সাঈমুদ আলী খাঁন
দিনাজপুরের সংগীতগুরু সাঈমুদ আলী খান (৮৩) গতকাল সোমবার দুপুরে দিনাজপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে, তিন ছেলে ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গতকাল বাদ এশা শহরের তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় ফরিদপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি দীর্ঘ প্রায় পাঁচ দশক শাস্ত্রীয় সংগীতের চর্চা ও বিস্তারে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি দীর্ঘদিন দিনাজপুরের নবরূপী সুরবাণী সংগীত শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। দিনাজপুর অফিস
তৃপ্তি শংকর তালুকদার
ক্যামব্রিয়ান কলেজের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক তৃপ্তি শংকর তালুকদার (৬২) গত রোববার মারা গেছেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অনেক শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মরদেহ বরিশালের কোতোয়ালি থানার কালীমন্দির রোড এলাকার বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই দিনই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি
মো. আতাউল মান্নান
মুক্তিযোদ্ধা মো. আতাউল মান্নান গত রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর জানাজা গতকাল সোমবার ময়মনসিংহের নাসিরাবাদ কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি
আনিস-উজ জামান
নীলফামারী শহরের শাহী পাড়ার বাসিন্দা পলাশবাড়ী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনিস-উজ জামান (৬৫) গতকাল সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আনিস-উজ জামান প্রয়াত সাবেক সাংসদ আফসার আলী আহমেদের ছেলে এবং নীলফামারী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানুর স্বামী। নীলফামারী প্রতিনিধি।