শোক
খান আমানুর রহমান
আঞ্জুমান মুফিদুল ইসলামের সহসভাপতি ও চিকিৎসা কোরের প্রধান মুক্তিযোদ্ধা খান আমানুর রহমান (৭৩) গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ২৫ জুলাই বাদ আসর মণিপুরিপাড়ায় নিজ বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মজীবনে খান আমানুর রহমান বেতারের সংগীতশিল্পী, গীতিকার, ইসলামি মিশনের পরিচালক, বাংলাদেশে জুট মিল করপোরেশনের প্রধান চিকিৎসকের দ্বায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।
আহকাম ইশতিয়াক
জামালপুর জেলার পৌর শহরের সরদারপাড়া এলাকার প্রথম আলো বন্ধুসভার সাবেক প্রচার সম্পাদক আহকাম ইশতিয়াক ভুবন (১৯) গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সকালে জামালপুর শহরের নিজ বাড়িতে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। পৌর শহরের চামড়াগুদাম জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ এশা টাঙ্গাইলের গোপালপুরের বেড়াঢাকুরিতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। আহকাম ইশতিয়াক শেরপুর জনতা ব্যাংকের ব্যবস্থাপক আবদুল কাদেরের ছেলে। ২০১১ সালে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে তিনি ‘আই জিনিয়াস’ পুরস্কার পান। শৌখিন আলোকচিত্রী আহকাম ইশতিয়াক রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। জামালপুর সংবাদদাতা
রূপেণ নারায়ণ চক্রবর্তী
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চলের প্রধান ও সাবেক উপপরিচালক রূপেণ নারায়ণ চক্রবর্তী (৬৫) গত রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।পরিবারের পক্ষ থেকে সবার কাছে তাঁর জন্য প্রার্থনা জানাতে অনুরোধ করা হয়েছে।গত ৪ মে সকালে রমনা পার্কের সামনে মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এর পর থেকে বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। বিজ্ঞপ্তি।