শোক
তরিকুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলাম (৭৫) গত শুক্রবার দিবাগত রাতে রাজশাহীর শালবাগান ছোটবনের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। কর্মজীবনে তিনি অনেক দিন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান ছিলেন। গ্রামের বাড়ি গোদাগাড়ী উপজেলার হাতনাবাদ ঈদগাহ মাঠে গতকাল শনিবার দুপুরে জানাজা শেষে হাতনাবাদ কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিদেক, চাঁপাইনবাবগঞ্জ।
মো. আব্দুল আজিজ
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল আজিজ (৭৫) গত শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর (টিঅ্যান্ডটিপাড়া) মহল্লার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী রেখে গেছেন। গতকাল শনিবার বেলা ১১টায় পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে জানাজা শেষে পীরডাঙ্গী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
বকুল বালা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালার মা বকুল বালা (৭২) গত ৃহস্পতিবার মারা গেছেন। তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিনই গোপালগঞ্জের সাতপাড় গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে ডিএসইর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়াসহ পরিচালনা পর্ষদের সদস্য ও সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
মৃত্যুবার্ষিকী
কে এম হেমায়েতউল্লাহ
সাবেক সাংসদ, মুক্তিযোদ্ধা কে এম হেমায়েতউল্লাহ আওরঙ্গজেবের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ আগস্ট। এ উপলক্ষে আজ শরীয়তপুরের গ্রামের বাড়ি ও কাল সোমবার বাদ আসর ঢাকার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। গত বছরের এই দিনে ঢাকা-মাওয়া সড়কের খান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান হেমায়েতউল্লাহ। বিজ্ঞপ্তি।
মোহাম্মদ ফারুক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ফারুকের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে আছে কোরআনখানি, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। এ ছাড়া এতিমখানায় এবং দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হবে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।