শোক
বদরুল হুদা চৌধুরী
বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়া ধারাভাষ্যকার বদরুল হুদা চৌধুরী (৮২) গতকাল রোববার সকালে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারের বাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিন ছেলে ও তিন মেয়ে রেখে যান তিনি। গতকাল বিকেলে লালদীঘি মাঠে মরহুমের জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে দাফন করা হয়। তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। পরে তিনি আজাদ পত্রিকায় সাংবাদিকতাও করেন। ষাট ও সত্তরের দশকে তিনি নিয়মিত ধারাভাষ্যকার হিসেবে পরিচিতি লাভ করেন। বদরুল হুদা চৌধুরীর ক্রিকেট নিয়ে তিনটি বই লিখেছেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|
কুলখানি
মাঈনউদ্দিন আহমেদ চৌধুরী
আজ সোমবার বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সরকারের সাবেক যুগ্ম সচিব মাঈনউদ্দিন আহমেদ চৌধুরীর কুলখানি। এ উপলক্ষে আজ বাদ মাগরিব মরহুমের দিলু রোডের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের ওই দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মৃত্যুবার্ষিকী
মনির উদ্দিন
জামালপুরের মুক্তিযোদ্ধা মনির উদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ১১ আগস্ট। এ উপলক্ষে এতিমখানা ও মাদ্রাসায় দোয়া মাহফিল এবং দরিদ্র ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।