শোক
করম আলী আহমেদ
লেদার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সাবেক অধ্যক্ষ করম আলী আহমেদ (৭৫) গতকাল বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। অধ্যাপনা ছাড়াও তিনি সরকারি, বেসরকারি এবং দাতা সংস্থার বিভিন্ন প্রকল্পের দায়িত্বে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে লেদার টেকনোলজির ওপর ডক্টরেট করেন। তিনি ছিলেন এ বিষয়ে প্রথম পিএইচডিধারী ব্যক্তি। এরপর তিনি অধ্যক্ষ হিসেবে যোগ দেন লেদার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি।
শামসুন্নাহার খানম
নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামসুন্নাহার খানম (৬৪) গত বুধবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুন নূর খানের স্ত্রী। মরহুমা শামসুন্নাহার খানম স্বামী ও তিন কন্যা রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা পৌর এলাকার কাটলী মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সাতপাই কবরস্থানে বাবা দুলাল খার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। নেত্রকোনা প্রতিনিধি।
শেখ সফিকুল ইসলাম
ফেনী সরকারি পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক শেখ সফিকুল ইসলাম (৪৫) গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রাতেই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বামনপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে। শিক্ষক শেখ সফিকুল ইসলামের মৃত্যুর সংবাদে স্কুলটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।