শোক
জাকিয়া আকতার
দৈনিক যায়যায়দিন-এর প্রধান প্রতিবেদক এ কে এম সাখাওয়াত হোসেনের মা জাকিয়া আকতার (৮০) গতকাল বুধবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ের চৌধুরীপাড়ার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শাহজাহানপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মৃত্যুবার্ষিকী
আব্দুল হামিদ চৌধুরী
পাকিস্তান আমলের তদানীন্তন প্রাদেশিক পরিষদের স্পিকার আব্দুল হামিদ চৌধুরীর ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ ৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চবিদ্যালয়ে আয়োজন করা হয়েছে স্মরণসভা। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর নাতিরা। আব্দুল হামিদ চৌধুরী ১৯৬২ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত প্রাদেশিক পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেন। মরহুম রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী ছিলেন তাঁর একমাত্র সন্তান। বিজ্ঞপ্তি।
খাজা নিজামউদ্দিন ভূইয়া
বীর উত্তম শহীদ খাজা নিজামউদ্দিন ভূইয়ার ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে তাঁর ছোট ভাই হাসান মহিউদ্দিন ভূইয়ার রাজধানীর কলাবাগানের বাসভবনে (প্রপার্টি স্কয়ার, অ্যাপার্টমেন্ট নম্বর-বি-১, ১৫/১/এ, লেক সার্কাস) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সিলেট ও কুমিল্লাতেও। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। খাজা নিজামউদ্দিন একাত্তরের মুক্তিযুদ্ধকালে ৪ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধরত অবস্থায় সিলেটের সড়কের বাজারে শাহাদতবরণ করেন তিনি। বিজ্ঞপ্তি।