জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার বরুড়া ও নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আওয়ামী লীগের একাধিক পক্ষ পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া বক্তব্য দেওয়া নিয়ে শেরপুরে ঝিনাইগাতী উপজেলায় শোক দিবসের আলোচনা অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
কুমিল্লা: বরুড়া উপজেলা আওয়ামী লীগের তিনটি পক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী আলাদাভাবে পালন করেছে। গতকাল বেলা ১১টা থেকে ৩টার মধ্যে এসব কর্মসূচি পালন করা হয়। সব পক্ষের কর্মসূচিতে গরু জবাই করে কাঙালি ভোজ করা হয়।
তিনটি পক্ষের নেতৃত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ নাছিমুল আলম চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এনামুল হক মিয়াজী এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এস এম কামরুল ইসলাম। এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানও তিন পক্ষ আলাদাভাবে করেছিল। তিনটি পক্ষের নেতারাই দাবি করছেন, আলাদা কর্মসূচি নেওয়া ছাড়া তাঁদের কোনো উপায় ছিল না। তবে তৃণমূলের নেতা-কর্মীরা বলছেন, একসঙ্গে তিন নেতার কর্মসূচি হলে দল আরও গতিশীল হতো। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রূপম মজুমদার বলেন, ‘বরুড়ায় আওয়ামী লীগের তিন পক্ষ আলাদাভাবে কর্মসূচি পালনের বিষয়টি আমরা জেনেছি।’
নেত্রকোনা: পূর্বধলা উপজেলায় আওয়ামী লীগের দুটি পক্ষ পৃথকভাবে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করেছে। এক পক্ষের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন। অন্য পক্ষে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এরশাদ হোসেন।
আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা বলেন, দুই পক্ষই শোক দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে। তাঁরা উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। পরে দুই পক্ষই সমাবেশের আয়োজন করে।
শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষ আছে। এক পক্ষের নেতৃত্বে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেজ নাঈম ও সাধারণ সম্পাদক আমিরুজ্জামান। আরেক পক্ষ উপজেলা যুবলীগের সভাপতি মো. আবুল কালাম আজাদের অনুসারী।
দলের কয়েকজন নেতা বলেন, গতকাল উপজেলা পরিষদ চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শুরু হয়। সভায় দুই পক্ষের নেতা-কর্মীরাই উপস্থিত ছিলেন। ইউএনও মোহাম্মদ সেলিম রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কমচারী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় একপর্যায়ে সঞ্চালক উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে শাহরিয়ার খানকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানান। এ সময় আবুল কালাম আজাদের পক্ষের উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন প্রশাসনের কর্মকর্তারা তাঁদের নিবৃত্ত করেন এবং আওয়ামী লীগের কোনো পক্ষকেই অনুষ্ঠানে বক্তব্যের জন্য ডাকা হবে না বলে ঘোষণা দেন। এ সময় নাঈম ও আমিরুজ্জামান তাঁদের সমর্থক নিয়ে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়ে সভাস্থল ত্যাগ করেন। এরপর আবুল কালাম আজাদের লোকেরা চলে যান। পরে দুই পক্ষই নিজ নিজ কার্যালয়ে আলাদা অনুষ্ঠানের আয়োজন করে।