শোক শক্তি হয়ে গড়ে দিল সেতুবন্ধ
এপারে গাইবান্ধার সুন্দরগঞ্জ। ওপারে রংপুরের মিঠাপুকুর। মাঝখান দিয়ে বয়ে গেছে ঘাঘট নদ। নদের ওপর স্বেচ্ছাশ্রমে গড়া একটি সাঁকো তাদের মধ্যে গড়ে দিয়েছে সেতুবন্ধ। ১৮ জুলাই ঈদের দিন আনুষ্ঠানিকভাবে সাঁকোটির উদ্বোধন করা হয়। ঈদের দিন এপারের মানুষ যায় ওপারে বেড়াতে, ওপারের মানুষ এপারে। ঈদের আনন্দ পায় নতুন মাত্রা।
নিকটজনের মৃত্যুর মধ্য দিয়ে একজন দিনমজুরের মধ্যে জেগে ওঠা আকাঙ্ক্ষার রূপ এই সেতুবন্ধ। ১ মাস ২৪ দিনে নদীর ওপর স্বেচ্ছাশ্রমে ২২০ ফুট দীর্ঘ ও নয় ফুট প্রস্থের সাঁকোটি নির্মিত হয়। এর দুই পাশে করা হয় প্রায় আড়াই হাজার ফুট দীর্ঘ সড়ক। এতে ব্যয় হয় প্রায় ছয় লাখ টাকা। স্থানীয় লোকজনই এ অর্থের জোগান দেন। সেতুটি নির্মাণে গঠিত হয় ‘চকেরঘাট কাঠ সাঁকো বাস্তবায়ন কমিটি’। এ কমিটির তত্ত্বাবধানে হয় সবকিছু।
সাঁকে বাস্তবায়ন কমিটি সূত্রে জানা যায়, নদীর এপারে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি। ওপারে মিঠাপুকুরের ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর গ্রাম। নৌকাই ছিল পারাপারের একমাত্র উপায়। সড়ক ব্যবহার করতে হলে দুই গ্রামের মানুষকে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে নগর কাঠগড়া হয়ে সুন্দরগঞ্জ এবং মিঠাপুকুর উপজেলা সদরে যাতায়াত করতে হতো।
কিছুদিন আগে মিঠাপুকুরের ইমাদপুর গ্রামের দিনমজুর সাহেব মিয়ার (৪৫) এক আত্মীয় অসুস্থ হয়ে পড়েন। ওই সময় নদীতে নৌকা না পেয়ে সাহেব মিয়ার ওই আত্মীয়কে ঠিক সময়ে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। রোগী মারা যান। এ মৃত্যু সাহেব মিয়াকে প্রচণ্ড নাড়া দেয়। নদীর ওপর একটি সাঁকোর প্রয়োজনীয়তা স্পষ্ট অনুভব করেন তিনি। কিন্তু কীভাবে কী করবেন ভেবে পাচ্ছিলেন না। কয়েক মাস আগে সাতগিরি গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মজিবুর রহমান মাস্টারের সঙ্গে এক আলাপচারিতায় নিজের মনের কথা বলেন দিনমজুর সাহেব।
মজিবুর রহমানকেও নাড়া দেয় দিনমজুর মানুষটির স্বপ্ন। চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে সাঁকো তৈরির পরিকল্পনা গ্রহণ করেন মজিবুর রহমান মাস্টার। তিনি দুই গ্রামের লোকজন নিয়ে বৈঠক ডাকেন। সবার সম্মতিতে গঠন করা হয় ‘চকেরঘাট কাঠ সাঁকো বাস্তবায়ন কমিটি’। কমিটির সভাপতি করা হয় মজিবুর রহমান মাস্টারকে।
কমিটি দুই গ্রামের মানুষের কাছ থেকে আর্থিক সহায়তা তোলে। ৫০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা দেন গ্রামবাসী। গত ২৪ মে থেকে দুই গ্রামের সংযোগস্থল চকেরঘাট নামক স্থানে সাঁকোটির নির্মাণকাজ শুরু হয়। শ্রমিকদের পাশাপাশি গ্রামবাসীও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেতুটি নির্মাণে কাজ করেন। কাঠের খুঁটি, কাঠ, লোহা, জিআই তারের বন্ধনে সেতুটি তার রূপ পেতে থাকে। খরচ হয় প্রায় ছয় লাখ টাকা। আর্থিক সহায়তা ছাড়াও দুই গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রম দেন। ১৭ জুলাই সাঁকোর কাজ শেষ হয়। পরদিন ১৮ জুলাই ঈদের আনন্দের সঙ্গে যুক্ত হয় সাঁকো দিয়ে চলাচলের আনন্দ। ওই দিন আনুষ্ঠানিকভাবে সাঁকোর উদ্বোধন করেন মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার।
সরেজমিনে দেখা গেছে, ইতিমধ্যে সাঁকো দিয়ে লোকজন চলাচল শুরু করেছে। মোটরসাইকেল, রিকশা, ভ্যানও চলাচল করছে। স্বপ্নপূরণের অনুভূতি জানাতে গিয়ে ইমাদপুর গ্রামের দিনমজুর সাহেব মিয়ার চোখ ভরে যায় জলে। আনন্দাশ্রুতে দুচোখ ভাসিয়ে তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। আমার আর কিছু চাইবার নেই।’
সাঁকো বাস্তবায়ন কমিটির সভাপতি মজিবুর রহমান মাস্টার বলেন, ‘এখানে সেতু নির্মাণের জন্য স্থানীয় সাংসদ ও উপজেলা প্রশাসনকে বহুবার বলেও কাজ হয়নি। তাই নিজেদের চেষ্টায় সাঁকো করা।’
ইমাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আবদুস ছালাম বলেন, ‘আমরা জনপ্রতিনিধি হয়ে যে কাজ করতে পারিনি, স্থানীয় মানুষ মিলে সেটি করে দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের কাজে সহযোগিতা করেছি।’
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিন সরকার বলেন, ‘সাঁকো নির্মাণে লোকজনকে অনুপ্রেরণা দিয়েছি। কাজে সহায়তার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছি।’
সাঁকোর জায়গায় সেতু নির্মাণে প্রায় পাঁচ কোটি টাকা খরচ হবে বলে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন জানিয়েছেন।