শোক শোভাযাত্রার মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপী কর্মসূচি শেষ হয়েছে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরে শোক শোভাযাত্রা ও মেজবানের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শেষ হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, কয়েকজন সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারা গতকালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

গতকাল বেলা ১১টায় সিটি করপোরেশন চত্বরে শোক শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংসদ সামশুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাবিহা মুছা, ওয়াসেকা আয়েশা খান।

সমাবেশে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছিল, তারা আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি করতে চায়। তাই আমাদের চোখ-কান খোলা রাখতে হবে। শেখ হাসিনা উন্নয়নের যে রোডম্যাপ তৈরি করেছেন, তা বাস্তবায়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’

এরপর দুপুরে নগরের জামালখান এলাকার একটি কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করা হয়।