শোক শ্রদ্ধায় চট্টগ্রামে বঙ্গবন্ধুকে স্মরণ
মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, দুস্থ ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা, মিলাদ মাহফিল, কোরআনখানি ও আলোচনা সভার মাধ্যমে গতকাল শনিবার চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশজুড়ে জাতীয় শোক দিবস পালন করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার দিনটিকে শ্রদ্ধাভরে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে জাতি। গতকাল সকালে চট্টগ্রাম নগরের দারুল ফজল মার্কেটে নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। এ সময় সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
রাউজান কলেজ মাঠে রাউজান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। আলোচক ছিলেন সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
মন্ত্রী নুরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু প্রতিটি বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছেন। বাঙালি জাতির মুক্তির জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন।
সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ জামালখানের রীমা কমিউনিটি সেন্টারে কোরআনখানি, মিলাদ মাহফিল এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ করে। সেখানে বঙ্গবন্ধুর ওপর আলোচনা সভা হয়। নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় অংশ নেন নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দিন, খোরশেদ আলম, ইব্রাহিম হোসেন চৌধুরী ও আলতাফ হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সফল করতে হবে। দলের ভেতর ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সজাগ থাকতে হবে।
চট্টগ্রাম জেলা ও পুলিশ প্রশাসনও জাতীয় শোক দিবস পালনে নানা কর্মসূচি পালন করে।
চট্টগ্রাম সিটি করপোরেশন: জাতীয় শোক দিবস উপলক্ষে নগর ভবনে কালো ব্যাজ ধারণ, মিলাদ মাহফিল, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।
পরে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সচিব রশিদ আহমদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার করপোরেশন পরিচালিত মাতৃসদন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, দাতব্য চিকিৎসালয় ও হোমিও চিকিৎসাকেন্দ্রে বিনা মূল্যে রোগীদের সেবা দেওয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে শোক র্যালি বের হয়। এতে উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন ডিনস কমিটির আহ্বায়ক সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল মনছুর, সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, সিনেট সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, বিশ্ববিদ্যালয় ক্লাবের (ক্যাম্পাস) সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয় ক্লাবের (নগর) সভাপতি রণজিৎ কুমার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মো. ফরহাদ হোসেন খান।
নোয়াখালী: যথাযথ মর্যাদায় নোয়াখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে শোক র্যালি, কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দুস্থ ব্যক্তিদের জন্য গণভোজসহ নানা কর্মসূচি পালন করে।
জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালী শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাংসদ একরামুল করিম চৌধুরী। জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্যা, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যা প্রমুখ।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়।
রামগতি ও কমলনগর: লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ এসব কর্মসূচির আয়োজন করে। কমলনগরের হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. আবদুল্লাহ আল-মামুন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার। বক্তব্য দেন অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী, আবদুল মোতালেব, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ারুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন, সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন।
রামগতি উপজেলা পরিষদ মিলনায়তনেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভা হয়। এ ছাড়া আ স ম আবদুর রব সরকারি কলেজ মিলনায়তনে রামগতি উপজেলা আওয়ামী লীগ বিকেলে আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ প্রমুখ।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি; নোয়াখালী অফিস ও রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি}