
শোক, শ্রদ্ধা ও স্মৃতিচারণায় জাতি স্মরণ করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সরকারি ও বেসরকারি স্তরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গতকাল সোমবার সারা দেশে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ধানমন্ডির ৩২ নম্বর সড়ক এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ও বনানী কবরস্থান ছিল শোকের অনুষ্ঠানের কেন্দ্রস্থল। তবে রাজধানী ঢাকার পাড়া-মহল্লা, শহর, গ্রামগঞ্জও বাদ যায়নি।
গতকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটা চৌকস দল গার্ড অব অনার দেয়। বিউগলে বাজানো হয় করুণ সুর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেখানে বিশেষ মোনাজাত ও পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর স্থানটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরে সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও অনেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। শোকের প্রতীক হিসেবে অনেকেই কালো পাঞ্জাবি পরেন এবং কালোব্যাজ ধারণ করেন। বাদ আসর বঙ্গবন্ধু ভবনে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা অংশ নেন।
শোক দিবস উপলক্ষে ৩২ নম্বর সড়কজুড়েই ছিল নানা আয়োজন। বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের বড় বড় ছবিসংবলিত ডিজিটাল ব্যানার বসানো হয়েছে সড়কের দুই ধারে। স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ছিল চিত্র প্রদর্শনী। বঙ্গবন্ধু জাদুঘরেও দর্শনার্থীদের প্রচুর ভিড় ছিল। নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৩২ নম্বর সড়কের মুখেই বসানো হয় আর্চওয়ে। প্রত্যেককে তল্লাশির পর ঢুকতে দেওয়া হয়। ধানমন্ডি লেকেও নৌকায় টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য ও দলের নেতারা ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যান বনানী কবরস্থানে। সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ নেতারা। এরপর বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন।
বনানী কবরস্থান থেকে ফিরেই হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চলে যান। সেখানে বঙ্গবন্ধুর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী ও তাঁর বোন শেখ রেহানা। এ সময় সুরা ফাতেহা পাঠ করা হয়। সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করে। বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল হয়। শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যরাও অংশ নেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল জোহরের নামাজের পর বঙ্গভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, তাঁর পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সামরিক-বেসামরিক সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শোক দিবসের নানা কর্মসূচি পালন করা হয়। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল শোকের কর্মসূচি।
আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ১ আগস্ট থেকেই শোকের কর্মসূচি হিসেবে শ্রদ্ধা, আলোচনা, মিলাদ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ছবি প্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করছে। রাজধানী ঢাকার প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় প্যান্ডেল তৈরি করা হয়। মূল সড়কগুলোতে বসানো হয় তোরণ। স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাই এর উদ্যোক্তা ছিলেন। এসব স্থানে রোববার রাত থেকেই বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও দেশাত্মবোধক গান বাজানো হয়। গতকাল দুপুরের দিকে খাবার বিতরণ করা হয়।
ঢাকার মতো সারা দেশেই তৃণমূল আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠন শ্রদ্ধায় স্মরণ করেছে বঙ্গবন্ধুকে। মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন শোক দিবসের অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করেছে। সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরের আলো ফোটার আগেই বাঙালি জাতিকে মুক্তির আলো দেখানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিলেন কিছু বিপথগামী সেনাসদস্য। ঘাতকেরা ওই দিন নারী ও শিশুদেরও রেহাই দেননি, যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় হিসেবে পরিচিতি পেয়েছে।
শোকের কর্মসূচিতে শামিল যারা: রাজধানী ঢাকার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানই শোক দিবসের কর্মসূচি পালন করেছে। এর মধ্যে যেসব প্রতিষ্ঠানের কর্মসূচি চোখে পড়েছে, সেগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি রোগীকে বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা দিয়েছে। শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, নর্দার্ন ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, কেমব্রিয়ান কলেজে।
গতকাল জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনকারী সংগঠনের মধ্যে ছিল ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, মহানগর সর্বজনীন পূজা কমিটি, ঢাকা সড়ক পরিবহন সমিতি, শেখ রাসেল শিশু সংসদ ও জয় বাংলা সাংস্কৃতিক জোট। সম্প্রীতি নাট্যোৎসব পর্ষদ আজ মঙ্গলবার ‘ঢাকা থেকে টুঙ্গিপাড়া’ শিল্পযাত্রার আয়োজন করেছে।