শোকাবহ পরিবেশে নিহতদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ২০০৪ সালের ১৩ মার্চ। সুন্দরবনঘেরা বিস্তীর্ণ কটকার তৃণভূমিতে শ্বাপদের ভয়কে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন কয়েকজন তরুণপ্রাণ। ওরা জানতেন সামনে যে বনটুকু বেহায়ার মতো পড়ে আছে, তা পেরোলেই সমুদ্র। সমুদ্র ছোঁবেন বলে সবাই বাতাস হয়ে ছোটেন। তারপর...। শুরু একটা দুঃস্বপ্নের। কিছু ঝাপসা চোখ, কিছু অসহায় বন্ধু, কিছু ব্যর্থ চেষ্টা।
এক যুগের আগের ওই দিনে সমুদ্রের লোনা পানিতে ডুবে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের নয়জন এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থী নিহত হন।
ওই ঘটনার পর থেকে নিহত শিক্ষার্থীদের স্মরণে প্রতিবছর দিনটিকে শোক দিবস হিসেবে পালন করছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকালও খুলনা বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে কটকা ট্র্যাজেডি স্মরণে শোক দিবস। বেদনাবিধুর পরিবেশে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় শোকাবহ সাজে।
ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু করে শহীদ মিনার চত্বর হয়ে কটকা স্মৃতিস্তম্ভ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের দুই পাশের সারিবদ্ধ গাছে কালো কাপড় দিয়ে তার ওপর লেখা হয় শহীদ শিক্ষার্থীদের নাম।
সকাল ১০টায় কালো ব্যাজ ধারণ করে সাড়ে ১০টায় হাদী চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে শুরু হয় সুদীর্ঘ এক শোক র্যা লি। র্যা লিটি পরে প্রশাসন ভবনের কাছ দিয়ে কটকা স্মৃতিস্তম্ভে পৌঁছায়। এরপর শ্রদ্ধাঞ্জলি অর্পণের আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পরপরই ১ নম্বর একাডেমিক ভবনের সামনে চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য। এ ছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বাদ জোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে মিলাদ, এতিমদের সঙ্গে মধ্যাহ্নভোজ, বিকেল সাড়ে পাঁচটায় শোক সভা ও স্মৃতিচারণা, সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন এবং তথ্যচিত্র প্রদর্শন।
বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের নয়জন ছাত্র যাঁরা এ দুর্ঘটনায় প্রাণ হারান, তাঁরা হলেন আরনাজ রিফাত, মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আবদুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালি, মো. কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মো. আশরাফুজ্জামান ও মো. তৌহিদুল এনাম। এ ছাড়া বুয়েটের দুজন হলেন সামিউল ও শাকিল।