
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পাথরঘাটার জ্ঞানপাড়া গ্রামের ১১ জেলের খোঁজ মেলেনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি নিখোঁজ হওয়ায় কান্না আর বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে একই পরিবারের রয়েছেন বাবা ও দুই ছেলেসহ তিনজন। ১৬ জুলাই পাথরঘাটার এফবি আনোয়ারা নামের একটি ট্রলারে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন এই জেলেরা।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ফিরে আসা জেলেদের উদ্ধৃতি দিয়ে জানান, ২০ জুলাই বিকেলে পাথরঘাটা থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে ৩০ থেকে ৩৫টি ট্রলার মাছ ধরার জন্য জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় আকস্মিক ঝড় শুরু হলে সবগুলো ট্রলার নিরাপদে ফিরে আসে। শুধু এফবি আনোয়ারা ট্রলারটির ইঞ্জিন বিকল হওয়ায় ফিরতে পারেনি। এরপর ট্রলারটি ১১ জেলেসহ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও নৌযানটির সন্ধান মেলেনি। এসব জেলের ভাগ্যে কী ঘটেছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
গত শনিবার দুপুরে জ্ঞানপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, শোকে, কান্নায় ভারী হয়ে আছে পুরো গ্রাম। নিখোঁজ জেলে চান মিয়ার (৪০) বাড়িতে গিয়ে দেখা গেল, চার বছরের ছেলে রবিউলকে কোলে নিয়ে চান মিয়ার স্ত্রী হাসিনা বেগম ঘরের দাওয়ায় নির্বাক বসে আছেন। ছেলে জানতে চাইছে, ‘মা, বাবায় মোর নতুন জামা আর মজা লইয়া আয়না কেন?’ হাসিনা জবাব দিতে পারেন না। শুধু চোখের জলে ভাসেন।
হাসিনা বেগমের সঙ্গে কথা শেষ না হতেই সেখানে একে একে ছুটে আসেন নিখোঁজ জেলে ইসমাইল ফরাজি (৫০), শহিদুল (২৪), সাইখুল ইসলাম (২০), সুলতান (৪৫), আবু হানিফা (১৯), শাহজাহান বয়াতি (৪৫), ইউসুফ (২৭), হাবিবুর রহমান (৪২), আবদুল মালেক (৩৫) ও আবদুস সালামের (৩৮) স্বজনেরা। তখন কান্না-আহাজারিতে পরিবেশটা আরও ভারী হয়ে ওঠে।
নিখোঁজ ইসমাইল হোসেনের স্ত্রী রানি বেগমের কান্না যেন আর থামে না। আর্তনাদ করতে করতে তিনি বলছিলেন, ‘সামনে ঈদ, হেইতে ওর বাপে দুই পোলা শহিদুল ও সাইখুলরে লইয়্যা সাগরে গেছিল। মনে কত আশা আছিল, সাগরে গোনে ফিইর্যা আইবে সবাই মিল্লা ঈদ করমু। আইজ ১২ দিন ধইর্যা অপেক্ষা করি। কিন্তু কেউই ফিইর্যা আয় না।’
‘সাগরে যাওনের সময় আব্বায় ৫০টা টাকা দিয়া কইয়া গ্যাছে, ‘এইয়া দিয়া জামা-কাপুর বানাইতে দে, মুই আইয়া বাকি টাকা আইন্না দিমু।’ হেই যে আব্বায় গেল আর আইল না। মোর নতুন জামা লাগবে না। আপনেরা মোর আব্বারে আইন্না দেন।’ কথাগুলো বলতে বলতে কান্না জুড়ে দিল আয়শা (১০)। সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে সুলতানের মেয়ে আয়শা পঞ্চম শ্রেণির ছাত্রী।
পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘জেলেরা নিখোঁজ হওয়ার খবর শোনার পর আমি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। আসলে এসব অসহায় জেলে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার সাধ্য নেই।’