
‘আট বছর কেটে গেল। কেউ আমাদের বলেনি কেন এই হত্যাকাণ্ড। একটি মানুষ তো আর এমনি এমনি শহীদ হয় না। এর পেছনে কারণ থাকে।’ বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তা মেজর মিজানুর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে এ কথাই বলছিল তাঁর সন্তান তাহসীন রহমান। ১৭ বছর বয়সী এই কিশোরের সঙ্গে ছিল ১১ বছর বয়সী ছোট ভাই ফারদিন রহমানও।
গতকাল শনিবার রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে বাবার স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে তাহসীন রহমান বলে, ‘তখন আমার বয়স ছিল নয় বছর। ঘটনার দিন বাবার সঙ্গে সকালে নাশতা করেছিলাম। তারপর যে চলে গেলেন আর দেখা পাইনি।’
বাবা মিজানুর রহমানের মৃত্যুর নয় মাস আগে তাদের মা রেবেকা ফারহানা ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান। তাহসীন এখন টাঙ্গাইলে মির্জাপুর ক্যাডেট কলেজে পড়াশোনা করছে। রাজধানীর একটি বেসরকারি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছোট ভাই ফারদিন গুলশানে নানা অধ্যাপক আবদুর রাজ্জাকের সঙ্গে থাকে।
তাহসীন ও ফারদিনের মতো বিডিআর বিদ্রোহে নিহত সেনা পরিবারের সদস্যরা বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানান। গতকাল ছিল বিডিআর বিদ্রোহের আট বছর।
শ্রদ্ধা জানাতে আসেন নিহত লে. কর্নেল গোলাম কিবরিয়ার ছোট ভাই জাফরুল্লাহ। তিনি বলেন, ‘সুষ্ঠু বিচারের মাধ্যমে এ ঘটনার সমাধান চাই। শহীদদের পরিবারের কান্না জাতিকে যেন আর দেখতে না হয়।’ নেপথ্যের ও ইন্ধনদাতাদের খুঁজে বের করার দাবি জানান তিনি।
বিডিআর বিদ্রোহে নিহত কর্নেল কুদরত-ই-এলাহীর বাবা হাবিবুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আল্লাহর কাছে বিচার চাই। কারণ, মানুষের বিচারে হয়তো প্রকৃত অপরাধীর বিচার না-ও হতে পারে। যে দোষী সে হয়তো বের হয়ে যায়।’
আট বছর বয়সী সাদাকাত সাবরি বিন মোমিন এসেছিল মা সোনিয়া আক্তারের সঙ্গে। বাবার মৃত্যুর ১১ দিন পর তার জন্ম হয়। মা বলেন, ‘একটা তো বিচার হচ্ছে। দ্রুত রায় কার্যকর দেখতে চাই।’ জানালেন, ছেলে সব সময় বাবাকে খুঁজে বেড়ায়। জন্মের আগে জানতেন না সন্তান ছেলে না মেয়ে হবে। স্বামী আগে থেকেই কয়েকটি নাম ঠিক করে রেখেছিলেন। ছেলের জন্মের পর সেখান থেকে নাম নিয়ে নাম রাখা হয়েছে।
নিহত মেজর ইদ্রিস ইকবালের বড় ভাই মেজর ইউসুফ ইকবাল বলেন, দেশের প্রচলিত আইনে বিচার সম্পন্ন হলে তিনি সন্তুষ্ট হবেন।
বিডিআর বিদ্রোহে নিহত ব্যক্তিদের প্রতি রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন, প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিমানবাহিনীর প্রধান (ভারপ্রাপ্ত) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, স্বরাষ্ট্রসচিব কামাল উদ্দিন আহমেদ এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন শ্রদ্ধা জানান। এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিল, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হয়েছে। অনেককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, অনেককেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছে অনেকে। এত বড় মামলার তদন্ত শেষ করা কঠিন। এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের যারা পলাতক রয়েছে, তাদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটেছিল নারকীয় হত্যাকাণ্ড। সেদিন ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।