শোকে শ্রদ্ধায় পিলখানায় নিহত সেনাসদস্যদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনানী কবরস্থানে গতকাল সকালে পিলখানা হত্যাযজ্ঞের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজনেরা। পরে শহীদদের জন্য মোনাজাত করা হয় l ছবি: প্রথম আলো
বনানী কবরস্থানে গতকাল সকালে পিলখানা হত্যাযজ্ঞের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজনেরা। পরে শহীদদের জন্য মোনাজাত করা হয় l ছবি: প্রথম আলো

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নিহত মেজর মো. মিজানুর রহমানের কবরের সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন তাঁর বৃদ্ধা মা। পাশে শিশুটি তাকিয়ে আছে কবরের দিকে। কাঁদছে না সে। বাবা কি তা বোঝার আগেই ফারদিনের বাবা মিজানুর চলে গেছেন না ফেরার দেশে। বাবার আট মাস আগে চলে যান তার মা।
মা কুহিনূর বেগমের কান্না থামছিলোই না। অস্ফুটে শুধু বলছিলেন ‘বলে গেলো আসবে, আর আসলো না’। মিজানুরের ভাই লে. কর্নেল ফেরদৌস উর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভাইয়া (মিজানুর) মারা যাওয়ার আট মাস আগেই ভাবী মারা যান। দুই ছেলে আর আম্মাকে নিয়ে তিনি তখন পিলখানায় কোয়ার্টারে থাকতেন।
শুধু মিজানুরের স্বজন নয় গতকাল বৃহস্পতিবার বনানী সামরিক কবরস্থানে জড়ো হয়েছিলেন পিলখানার ঘটনায় নিহত অন্যান্য সেনা সদস্যের পরিবারও। শোকে, শ্রদ্ধায় ও ভালোবাসায় তাঁরা স্মরণ করেন না-ফেরার দেশে চলে যাওয়া প্রিয়জনদের। গভীর মমতায় ফুল ছড়িয়ে দেন তাঁদের শেষ স্মৃতিচিহ্নের ওপর।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহী বিডিআর জওয়ানদের হামলায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। এ উপলক্ষে গতকাল বনানী কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতের আয়োজন করা হয়। নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে সামরিক আনুষ্ঠানিকতাও ছিল। শুরুতে রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন, প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে সিনিয়র সচিব মো মোজাম্মেল হক খান পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ফুল দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।
এরপর সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, বর্ডার গাডের্র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ যৌথভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।