শোকে স্তব্ধ ষোলবাড়িয়া গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাতেমা খাতুনের মৃত্যুতে ভেঙে গেছে এক দরিদ্র কৃষক পরিবারের স্বপ্ন। এই পরিবারটিতে এখন চলছে মাতম। একই সঙ্গে শোকে স্তব্ধ হয়ে আছে পাবনার সাঁথিয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম ষোলবাড়িয়ার মানুষ। গ্রামের মানুষেরা তাঁকে নিয়ে গর্ব করতেন। কারণ, শুধু ষোলবাড়িয়াই নয়, আশপাশের কয়েক গ্রামের মধ্যে তাঁর মতো মেধাবী ছাত্রী আর কেউ ছিলেন না। তিনিই ছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া একমাত্র ছাত্রী।
গত বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় ফাতেমা নিহত হন। ওই দিনই রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে তাঁর লাশ গ্রামের বাড়ি সাঁথিয়া উপজেলার ষোলবাড়িয়ায় পৌঁছায়। লাশের সঙ্গে ফাতেমার ৪০-৪৫ জন সহপাঠীও আসেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে আবু জাফর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে ষোলবাড়িয়া কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
গতকাল বেলা ১১টার দিকে ফাতেমার গ্রামের বাড়িতে গিয়ে শোকাবহ পরিবেশ লক্ষ করা যায়। মৃত্যুর খবরের পর থেকেই তাঁর মা হোসনেয়ারা খাতুন কিছুক্ষণ পর পর সংজ্ঞা হারাচ্ছেন। শোকে পাথর হয়ে আছেন তাঁর বাবা আফসার আলী মণ্ডল।
পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ফাতেমা ছিলেন দরিদ্র কৃষক পরিবারের সন্তান। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনিই ছিলেন সবার ছোট। তাঁর এক ভাই বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ও অন্য ভাই মুদি দোকানি। দাখিল ও আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃ-বিজ্ঞান বিভাগে ভর্তি হন। প্রথম বর্ষের (সম্মান) পরীক্ষায় বেশ ভালো ফল করেছিলেন তিনি (জিপিএ-৩.২৯)। মাস দেড়েক আগে দ্বিতীয় বর্ষের পরীক্ষা হলেও ফল প্রকাশিত হয়নি।
ফাতেমার বাবা দরিদ্র কৃষক হওয়ায় তিনি মেয়ের পড়ার খরচ জোগাতে পারতেন না। ইসলামী ব্যাংক ও প্রাইম ব্যাংক থেকে পাওয়া বৃত্তি এবং টিউশনি করে যে টাকা পেতেন, তাতেই চলত তাঁর পড়াশোনা। গ্রীষ্মের ছুটি শুরু হওয়ায় গতকাল গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁর।
ফাতেমার বাবা আফসার আলী মণ্ডল কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মেয়েটা ব্যাংকার হতে চেয়েছিল। ও বলত, চাকরি করে সংসারের সব অভাব দূর করবে। বুধবার (দুর্ঘটনার দিন) সকালেও ওর সঙ্গে মোবাইলে কথা হয়েছিল। ও বলেছিল, আজ (গতকাল বৃহস্পতিবার) বাড়ি আসবে। বাড়িতে ও ঠিকই এল, তবে লাশ হয়ে।’ ফাতেমার বড় ভাই সেলিম হোসেন বলেন, ‘বোনকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম। সব স্বপ্ন শেষ হয়ে গেল।’
এদিকে, ষোলবাড়িয়া গ্রাম ঘুরে লক্ষ করা গেছে গ্রামবাসী ফাতেমার এমন অকালমৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে আছেন। গ্রামের আবদুল আজিজ (৪৫) বলেন, ‘দরিদ্র পরিবারে এমন মেধাবী মেয়ে খুব কম দেখা যায়। ওকে নিয়ে আমরা গর্ব করতাম।’