শোক-প্রতিবাদের কালো কাপড়ে ঢাকা আজিজ সুপার মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালো কাপড়ে ঢেকে আছে রাজধানীর শাহবাগের আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট। দোকানের নামগুলোও ঢাকা কালো কাপড়ে। জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যাকাণ্ডের ঘটনায় শোকের সঙ্গে প্রতিবাদ জানাতে এই কালো কাপড় লাগিয়েছে মার্কেটের দোকান মালিক সমিতি।
গত শনিবার এই মার্কেটে নিজ কার্যালয়ে নৃশংসভাবে খুন হয়েছেন প্রকাশক ফয়সল আরেফিন। এ ঘটনায় গত রোববার থেকে তিন দিন মার্কেটের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয় দোকান মালিক সমিতি।
আজিজ সুপার মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীরা বলেন, কালো কাপড় দিয়ে কেবল শোক নয়, তাঁরা দীপন হত্যার প্রতিবাদও জানাচ্ছেন।
দীপন হত্যার ঘটনায় মার্কেটটির দোকান মালিক সমিতির ঘোষিত তিন দিনের দোকান বন্ধ কর্মসূচির গতকাল সোমবার ছিল দ্বিতীয় দিন। মার্কেটের মোট ৫৭০টি দোকান বন্ধ রয়েছে। কাল বুধবার দোকানগুলো খুলবে। তবে শনিবার পর্যন্ত কালো ব্যাজ পরে দোকান মালিক ও কর্মচারীরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবেন।
গতকাল আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, এক, দুই ও তিনতলায় পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অর্ধশত দোকানের নামফলক কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। ভবনের মাঝামাঝি তিনটি স্থানেও ওপর থেকে নিচ পর্যন্ত কালো কাপড়ে ঢাকা।
মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নাজমুল আহসান প্রথম আলোকে বলেন, ‘দীপন মালিক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন। প্রায় প্রতিদিনই আমরা দুপুরের খাবার একসঙ্গে খেতাম। শনিবার সেটি হয়নি। সেদিন যদি আমরা খেতে যেতাম, তাহলে হত্যার ঘটনা হয়তো ঘটত না।’
আজিজ সুপার মার্কেটে এখন কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রবেশপথগুলো সব বন্ধ। রয়েছেন সশস্ত্র পুলিশসদস্যরা। ভেতরে আছেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। পূর্ব প্রান্তের প্রবেশপথ দিয়ে কেবল মার্কেট-সংশ্লিষ্ট লোকজনকে ঢুকতে দিচ্ছেন চার পুলিশসদস্য। তাঁদের সঙ্গে আছেন মার্কেটের নিজস্ব নিরাপত্তাকর্মীরা।
সিঁড়ি ভেঙে ওপরে যেতে প্রতি তলাতেই দেখা গেছে, পুলিশসদস্যদের। আর যেখানে ফয়সলকে হত্যা করা হয়েছে, সেই জাগৃতি প্রকাশনীর কার্যালয়ের সামনের জায়গা নিরাপত্তা ফিতা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। সেখানে নজর রাখছেন পুলিশের দুজন সদস্য।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ফয়সল আরেফিন হত্যাকাণ্ডের পর বর্তমানে এক প্লাটুন পুলিশসদস্য আজিজ সুপার মার্কেটের পাহারায় রাখা হয়েছে। এই ব্যবস্থা আরও কয়েক দিন থাকবে।
মার্কেটটির নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে জানিয়ে দোকান মালিক সমিতির সভাপতি নাজমুল আহসান বলেন, ‘বর্তমানে মার্কেটের বেসমেন্ট, নিচতলার সিঁড়িতে আটটি সিসি ক্যামেরা রয়েছে। কয়েক দিনের মধ্যে আরও ১৬টি সিসি ক্যামেরা বসানো হবে। দীপন রাজনীতি করতেন না। তবুও তাঁকে হত্যা করা হলো। তাই কিছুটা আতঙ্ক তো আমাদের থাকবেই।’