শোবার ঘরে মোটরসাইকেল গোয়ালঘরে কৃষক!
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোকামতলা ও আশপাশের গ্রামগুলোতে গোয়ালঘর থেকে কৃষকের গরু চুরির ঘটনা ঘটছে। একই সঙ্গে চুরি হচ্ছে মোটরসাইকেল। গত এক মাসে অর্ধশতাধিক গরু-বাছুর ও এক সপ্তাহে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে।
চোরের উপদ্রব বাড়ায় কৃষকেরা এখন গোয়লঘরে রাত কাটাচ্ছেন। আর মোটরসাইকেলের মালিকেরা তাঁদের মোটরসাইকেলটি রাতে নিয়ে রাখছেন শয়নঘরে।
মোকামতলার কাশিপুর, দেউলীর ভরিয়া গ্রামের সাত-আটজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক মাসে এলাকায় গরু চুরির হিড়িক পড়েছে। এ সময়ের মধ্যে হরিপুর গ্রামের ফটু মিয়ার দুটি, উথলী খলিফাপাড়া গ্রামের কায়েছ উদ্দিনের তিনটি, ভরিয়াপাড়া গ্রামের ওয়াহেদ আলীর একটি, রহবল হাজিপাড়া গ্রামের আবদুল মান্নানের দুটিসহ মোকামতলা ও আশপাশের গ্রামগুলো থেকে অর্ধশতাধিক গরুবাছুর চুরি হয়েছে। এর মধ্যে একজনের চুরি হওয়া গরু দুটি পরে উদ্ধার হয়।
এদিকে গরু চুরির সঙ্গে মোটরসাইকেল চুরির ঘটনাও বেড়েছে। গত এক সপ্তাহের মধ্যে তিনটি মোটরসাইকেল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে আলুর হিমাগার ‘শিবগঞ্জ হিমাদ্রী’-এর সীমানাপ্রাচীরের ভেতর থেকে নুরুল ইসলামের, সোমবার রাতে মোকামতলা বন্দরে আখ ক্রয়কেন্দ্রের পেছনে রফিকুল ইসলামের বাসা থেকে মানিক মিয়ার এবং শনিবার রাতে মোকামতলার কাশিপুর গ্রামের ব্যবসায়ী আমিনুল ইসলামের আধপাকা ঘরের জানালার গ্রিল কেটে তাঁর মোটরসাইকেল চুরি হয়েছে।
কাশিপুর গ্রামের মোটরসাইকেলের মালিক শাহাদত হোসেন (৩২) বলেন, ‘এলাকায় মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। তাই থাকার ঘরটি ছোট হলেও চোরের ভয়ে সেখানেই মোটরসাইকেল রাখতে হচ্ছে।’
দেউলী ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য আনারুল ইসলাম বলেন, তাঁর এলাকায় কৃষকেরা গোয়ালঘরে বিছানা করে রাত কাটাচ্ছেন। তারপরও চোরের উপদ্রব থেকে রেহাই মিলছে না।
ভরিয়া গ্রামের নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক বলেন, এলাকার বাইরের শক্তিশালী কোনো চক্র এই গরুগুলো চুরি করছে। তবে তাদের সঙ্গে স্থানীয় কিছু মানুষ জড়িত থাকতে পারে।
কাশিপুর গ্রামের গৃহবধূ নূরজাহান বেগম (৩২) বলেন, একটি গরুর পেছনে অনেক খাটুনি। গো-খাদ্যের সংকট থাকায় ব্যয়ও প্রচুর। এ অবস্থায় চোরেরা গরু নিয়ে গেলে গরিব মানুষের যে কী হয়, সেটা তারা ছাড়া অন্য কেউ বুঝবে না।
নাম প্রকাশ না করার শর্তে এক কৃষক বলেন, গরু চুরির পর থানা-পুলিশকে বললে আরও বিপদ। তখন দেখা যাবে বাদবাকি গরুও চোরে নিয়ে যাবে। নানাভাবে হয়রানি করবে। পুলিশ তো সব সময় পাহারা দেবে না। এ জন্য কেউ পুলিশের কাছে অভিযোগ দিতে চায় না।
দেউলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাই প্রধান বলেন, ‘আমার ইউনিয়ন ও আশপাশের গ্রামগুলো থেকে প্রায় রাতেই গরু চুরি হচ্ছে। গত এক মাসে অন্তত ৭০টি গরু চুরির ঘটনা ঘটেছে। কৃষকেরা রাত জেগে গোয়ালঘর পাহারা দিয়েও গরু চুরি থেকে রেহাই পাচ্ছেন না। সেই সঙ্গে মোটরসাইকেলের মালিকদের মধ্যেও দেখা দিয়েছে চোর-আতঙ্ক।’
মোকামতলা ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান বলেন, ‘একের পর এক চুরির ঘটনায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। উপজেলা পরিষদের আগামী সভায় আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলব, যাতে একটা বিহিত করা যায়।’
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন বলেন, মোটরসাইকেল চুরির বিষয়ে একটি অভিযোগ এসেছে। আমরা ব্যবস্থা নিচ্ছি। আর গরু চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। তবে গরু চুরি বন্ধে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।