শোভাযাত্রা, আলোচনা, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকবিরোধী এ শোভাযাত্রার ছবিটি পাবনা শহর থেকে গতকাল সকালে তোলা l প্রথম আলো
মাদকবিরোধী এ শোভাযাত্রার ছবিটি পাবনা শহর থেকে গতকাল সকালে তোলা l প্রথম আলো

রিকশা, সাইকেল শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনাসহ জনসচেতনতামূলক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রোববার পাবনা ও নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।
পাবনা শহরে সকালে জেলা প্রশাসক রেখা রানী বালোর নেতৃত্বে শহরে বর্ণাঢ্য রিকশা শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসনের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবদুল হামিদ সড়কে এসে শেষ হয়। সেখান থেকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আরেকটি সাইকেল শোভাযাত্রা বেরিয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আবদুল হামিদ সড়কের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সামনে মানববন্ধন করা হয়। প্রায় ৩০ মিনিট এ মানববন্ধন হয়।
কর্মসূচির দ্বিতীয় পর্বে দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মুনশি মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, পাবনার সিভিল সার্জন চিকিৎসক সাইফ উদ্দিন ইয়াহিয়া, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার প্রমুখ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জাহিদ হোসেন মোল্লা বলেন, ‘পাবনায় মাদক ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পাড়া–মহল্লায় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় মাদকের এই জমজমাট ব্যবসা চলছে। আমরা এই মাদক নিয়ন্ত্রণে কাজ করছি। তবে স্থানীয় জনগণকেও মাদক নিয়ন্ত্রণে এগিয়ে আসতে হবে।’
নাটোরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আনিছুর রহমান খানসহ অন্যরা। এ সময় বক্তারা মাদকের কুফল ও মাদকাসক্তি থেকে উত্তরণের উপায় সম্পর্কে আলোকপাত করে বক্তব্য দেন।