শোভাযাত্রা, আলোচনা সভায় শিক্ষা সপ্তাহ উদ্বোধন
সারা দেশে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল রোববার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এবারের স্লোগান, ‘শিক্ষার আলো জ্বালব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’।
নওগাঁয় জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে সকাল ১০টায় জেলা প্রশাসকের ডাকবাংলো থেকে শোভাযাত্রা বের হয়। এটি নওগাঁ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) গিয়ে শেষ হয়। পরে পিটিআই স্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ আবদুল মালেক। এতে অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার মহসিন রেজা প্রমুখ বক্তব্য দেন।
নিয়ামতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মিজানুর রহমান। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ বক্তব্য দেন।
সাপাহারে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ফাহাদ পারভেজ বসুনীয়ার সভাপতিত্বে আলোচনা সভা হয়। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল আলম প্রমুখ বক্তব্য দেন।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা শিক্ষা কার্যালয়ের আয়োজনে সকালে শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম প্রমুখ।
জয়পুরহাটের আক্কেলপুরে সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়েছে। এর আগে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। আলোচনা সভায় বক্তব্যে দেন উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল, আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদির উজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা হুমায়ন কবির, আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফজল রায়হায়ন, শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান বজলুর রহমান প্রমুখ।