শোভাযাত্রা, সভা আর সম্মাননায় পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। ‘নগর পরিবেশে প্রবীণদের অন্তর্ভুক্তি সুনিশ্চিত করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটি পালন করা হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
লালমনিরহাট: এখানে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট শাখার উদ্যোগে দুপুরে জেলার পাঁচজনকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। মুক্তিযুদ্ধে আবদুল হামিদ মোল্লাহ, সাহিত্যে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কৃষ্ণ গোপাল রায়, সমাজকর্মে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক প্রতিম কুমার গুহ, মমতাময়ী মা হিসেবে সখিনা খাতুন ও মমতাময় বাবা হিসেবে আফজাল হোসেন এ সম্মাননা পান।
পঞ্চগড়: জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকালে একটি শোভাযাত্রা বেরিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং মমতাময় ও মমতাময়ী পুরস্কার দেওয়া হয়। সভায় আমলাহার ডিগ্রি কলেজের প্রভাষক এ কে এম শামসুদ্দিন আজাদকে মমতাময় এবং মসজিদ পাড়া গ্রামের রানীছা বেগমকে মমতাময়ী পুরস্কার দেওয়া হয়।
নীলফামারী: নীলফামারী প্রবীণ হিতৈষী সংঘ সকালে শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মজিবুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে সৈয়দপুর সড়কে সংগঠনের কার্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
দিনাজপুর: জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, পুলিশ সুপার, পৌরসভা ও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে সকালে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। পরে মমতাময়ী নারী ও পুরুষকে সম্মাননা দেওয়া হয়। দিনাজপুর প্রেসক্লাব চত্বরে প্রবীণদের কল্যাণ কামনা করে জারি গানের আসর বসে।
কুড়িগ্রাম: সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের কলেজ মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা হয়। এতে কুড়িগ্রাম সরকারি মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এরশাদুল হক মমতাময় ও গৃহিণী মাহবুবা জান্নাত মমতাময়ী সম্মাননা পান।
ঠাকুরগাঁও: প্রবীণ হিতৈষী সংঘ জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় থেকে সকালে একটি শোভাযাত্রা বের করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি ছিলেন।