শোভাযাত্রা-সমাবেশে মাদকবিরোধী প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদককে না বলুন, মাদকাসক্তি একটি মরণব্যাধি’—এই স্লোগান নিয়ে রংপুরে নগরে গতকাল বুধবার মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের ১২ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে পাঁচটি স্থানে সমাবেশ করে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) উদ্যোগে এই আয়োজন করা হয়।
মাদকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে গাড়িবহর শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিএনসিসি, ক্যাডেট, স্কুল ও কলেজের বিএনসিসির দায়িত্বে নিয়োজিত শিক্ষকেরা, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, দি মিলেনিয়াম স্টারস স্কুল ও কলেজ, সিদ্দিক মেমোরিয়াল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা অংশ নেন।
শোভাযাত্রা শুরুর আগে সকাল ১০টায় রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিষয়ক কর্মশালা হয়। এখানে আলোচনা করেন কর্নেল নেয়ামুল ইসলাম ফাতেমী। এরপর বেলা ১১টায় শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা থেকে শহরবাসীর মধ্যে মাদকাবিরোধী প্রচারপত্র বিলি করা হয়। এ ধরনের প্রচারপত্র ও শোভাযাত্রা রংপুরে আগে কখনো অনুষ্ঠিত হয়নি বলে শহরের নাগরিকদের মধ্যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
রংপুর ক্যান্টনমেন্ট স্কুল থেকে শোভাযাত্রাটি বের হয়। মেডিকেল মোড় হয়ে সিটি করপোরেশন ভবনের সামনে দিয়ে শহরের জাহাজ কোম্পানী মোড়, সাতমাথা, পার্কের মোড়, শাপলা মোড় ও কেন্দ্রীয় বাস টার্মিনালে মাদকবিরোধী পাঁচটি পথসভা করা হয়। এসব পথসভায় বক্তব্য দেন মেজর (অ্যাডজুটেন্ট) হারুন অর রশিদ।
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: রংপুরে গতকাল বুধবার স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রংপুর জেলা দল ৫-১ গোলে লালমনিরহাট জেলা দলকে পরাজিত করে। বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে খেলা শুরুর আগে উদ্বোধনী এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত। অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ণ চন্দ্র বর্মার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশের ডিআইজি হুমায়ূন কবির। অন্যান্যের মধ্যে আলোচনা করেন টুর্নামেন্ট উদ্যাপন কমিটির সদস্যসচিব আনোয়ারুল ইসলাম।