শোভাযাত্রায় সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবসে জাতিকে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। জোট আয়োজিত শোভাযাত্রায় এই আহ্বান জানানো হয়।
গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘বিজয় উৎসব-২০১৬’ শীর্ষক এই শোভাযাত্রা হয়। এবারের স্লোগান ছিল ‘ঐক্য গড়ো বাংলাদেশ, সাম্প্রদায়িকতা হবে শেষ।’ শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর দিয়ে কদম ফোয়ারা, মৎস্য ভবন হয়ে শাহবাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এসে শেষ হয়।
আট দিনব্যাপী বিজয় উৎসবের চতুর্থ দিনে বর্ণাঢ্য এই শোভাযাত্রায় বিপুলসংখ্যক সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী গানের পাশাপাশি এতে ছিল সাম্প্রদায়িকতাবিরোধী স্লোগান।
শোভাযাত্রার উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি বলেন, ‘আজকের বিজয় কেবল রাজনৈতিক বা ভৌগোলিক বিজয় নয়, এই বিজয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, হিংসার বিরুদ্ধে অহিংসার, দুরবস্থার বিরুদ্ধে সুস্থ ও সুন্দরের বিজয়। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পরই সাম্প্রদায়িকতা এ দেশে মাথাচাড়া দিয়ে ওঠে। এই সাম্প্রদায়িকতা মোকাবিলা করার জন্য অসাম্প্রদায়িক চেতনাকে বুকে ধারণ করতে হবে।’
সভাপতির বক্তব্যে জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, শুধু পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ কিংবা চাঁদ-তারার পরিবর্তে লাল-সবুজের পতাকার জন্য ৩০ লাখ মানুষ জীবন দেননি। তাঁরা চেয়েছিলেন এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে ধর্ম-বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করবে। পঁচাত্তর-পরবর্তী সময়ে বাংলাদেশ মূল আদর্শ ও লক্ষ্য থেকে বিচ্যুত হয়।
সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, কবি মুহাম্মদ সামাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহসভাপতি ঝুনা চৌধুরী, সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ, শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।