শোভাযাত্রা-সমাবেশে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
শোভাযাত্রা, সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। স্থানীয় বিএনপি এসব কর্মসূচির আয়োজন করে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদেরপাঠানো খবর:
নীলফামারী: বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের পৌর বাজারে দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। সেটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এর আগে কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি আনিসুল আরেফিন চৌধুরী সভাপতিত্ব করেন।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আজম প্রমুখ।
লালমনিরহাট: বেলা ১১টায় জেলা বিএনপির উদ্যোগে জেলা শহরের রেলওয়ে স্টেশন সড়কে রেলওয়ে শ্রমিক দলের কার্যালয় চত্বর থেকে ব্যানার, রংবেরঙের পতাকাসহ শোভাযাত্রা বের হয়। সেটি বিভিন্ন সড়ক ঘুরে মিশন মোড় চত্বরে শেষ হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব। পরে মিশন মোড় চত্বরের অদূরে রেলস্টেশন সড়কে পথসভা হয়।
পথসভায় বক্তব্য দেন আসাদুল হাবিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক জাহিদ হাসান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হক, আদিতমারী উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী প্রমুখ।
দিনাজপুর: বিকেল পাঁচটায় ফুলবাড়ী উপজেলা কার্যালয়ের সামনে নিমতলা মোড় থেকে শোভাযাত্রা বের হয়। সেটি শহর ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খুরশীদ আলম সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আবু শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবীউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, যুবদলের সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী সাদিক, ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক জাকিউর রহমান প্রমুখ।