শোলাকিয়ার ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার ৫ জনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের দিন জঙ্গি হামলার ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার পাঁচ আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার মুখ্য বিচারিক হাকিম আ. ছালাম খান এ আদেশ দেন।

এই পাঁচজন হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার তারা মিয়া, কিশোরগঞ্জের বাজিতপুরের সোহেল মিয়া, কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার আরিফুল ইসলাম হাসিব, বয়লা তারাপাশা এলাকার আছান উল্লাহ ও করিমগঞ্জ উপজেলার জয়কা গ্রামের মামুনুর রশিদ মামুন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামিদের বিরুদ্ধে জঙ্গি হামলার তথ্য-প্রমাণ না পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামিদের অব্যাহতির আবেদন করেন। বিচারক তা গ্রহণ করে আসামিদের মামলা থেকে অব্যাহতি প্রদানের আদেশ দেন।

গত ৭ জুলাই ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনাটি ঘটে। এতে দুই পুলিশ, এলাকার এক গৃহবধূ ও এক হামলাকারী নিহত হয়। এ ঘটনায় পুলিশ ১১ জুলাই পাঁচজনকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এরপর তাঁদের দুই দফায় জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।