শোলাকিয়ায় ঈদ জামাতে মুসল্লির উপস্থিতি খুবই কম
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে প্রতিবছর ঈদ জামাতে লাখো মুসল্লি অংশ নিয়ে থাকেন। তবে এবার এক হাজারের মতো মুসল্লি জামাতে অংশ নেন।
গত মঙ্গলবার নামাজ শেষে স্থানীয় মুসল্লি জিয়া উদ্দিন বলেন, ‘আমার ৬০ বছর বয়সে এই মাঠে ঈদ জামাতে এত কম মুসল্লি কখনো দেখিনি।’
স্থানীয় বেশ কয়েকজন মুসল্লির সঙ্গে কথা বলে জানা গেছে, গত ঈদুল ফিতরে শোলাকিয়া মাঠের কাছে জঙ্গি হামলার কারণে মানুষের মধ্যে একধরনের আতঙ্ক আছে। তা ছাড়া, বৃষ্টির কারণে অনেকেই মাঠে আসতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই মাঠে প্রথম জামাতে সোয়া লাখ মুসল্লির সমাগম হয়েছিল। সেই থেকে এ মাঠের নামকরণ হয় শোলাকিয়া। প্রতিবছরই দেশ-বিদেশের লাখো মুসল্লির এখানে ঈদের নামাজ আদায় করতে আসেন। মঙ্গলবার ভোর থেকেই বৃষ্টি শুরু হওয়ায় ঈদগাহ ময়দানে আসতে মুসল্লিদের ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টির মধ্যেই সকাল নয়টায় নির্ধারিত সময়ে এই মাঠের ১৮৯তম ঈদুল আজহার জামাত শুরু হয়। এতে ইমামতি করেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ। জামাতের নিরাপত্তায় র্যা ব ও পুলিশের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। সাদাপোশাকে মোতায়েন ছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ছাড়া এপিবিএন, র্যা ব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসন ময়দান ঘিরে তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলে।
জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, গত ঈদে হামলার কারণে এবার মাঠে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
গত ৭ জুলাই ঈদের দিন সকালে শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে তল্লাশিচৌকিতে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এ সময় জঙ্গিরা বিস্ফোরক নিক্ষেপ করে আতঙ্ক তৈরি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে জহিরুল ইসলাম ও আনসারুল হক নামের দুই পুলিশ কনস্টেবলকে হত্যা করে। এ সময় ঘরের ভেতরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক। একই সময় পুলিশের গুলিতে নিহত হন আবির রহমান নামের এক জঙ্গি।