শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত
প্রতিবারের মতো এবারও ঈদুল আজহায় দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। গত শুক্রবার অনুষ্ঠিত ১৮৮তম ঈদুল আজহার এই জামাতে ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের শামসুদ্দিন ভূঁইয়া মারকাজ মসজিদের ইমাম হিফজুর রহমান খান।
ঈদ উপলক্ষে রেলওয়ে বিভাগ কিশোরগঞ্জে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। শোলাকিয়া মাঠে নামাজ আদায়ের জন্য সকাল থেকেই মুসল্লিরা আসতে শুরু করেন। সকাল নয়টায় জামাত শুরু হয়। জামাত শেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঈদুল আজহায় কোরবানি দেওয়া নিয়ে ব্যস্ততা থাকায় দূরের মুসল্লিরা এখানে তুলনামূলক কমই আসেন। ফলে এখানে ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় মুসল্লির সংখ্যা কম হয়ে থাকে।
মসনদ-ঈ-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান মান্নান দাদ খান ১৯৫০ সালে প্রায় পাঁচ একর ভূমি শোলাকিয়া ঈদগাহকে ওয়াক্ফ করে দেন। তবে ১৮২৮ সালে এই মাঠে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে জানা যায়। সেই অনুযায়ী এই মাঠের রয়েছে প্রায় আড়াই শ বছরের ঐতিহ্য।
জনশ্রুতি আছে, শোলাকিয়া ঈদগাহের প্রথম বড় জামাতে সোয়া লাখ মুসল্লি অংশগ্রহণ করেছিলেন। সেই থেকে উচ্চারণের বিবর্তনে ‘সোয়া লাখ’ থেকে ‘সোয়ালাখিয়া’, এরপর বর্তমান ‘শোলাকিয়া’ নামের উৎপত্তি।