শোলাকিয়ায় বৃষ্টিবিঘ্নিত ঈদ জামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে বৃষ্টির কারণে ঈদ জামাত বাধাগ্রস্ত হয়েছে। এ ময়দানে প্রতিবছর ঈদ জামাতে লাখো মুসল্লি অংশ নিয়ে থাকেন। তবে এবার বৃষ্টির কারণে মাত্র কয়েক হাজার মুসল্লি ঈদ জামাতে অংশ নেন।

ভোর থেকেই বৃষ্টি শুরু হওয়ায় ঈদগাহ ময়দানে আসতে মুসল্লিদের ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টির মধ্যেই আজ মঙ্গলবার সকাল নয়টায় নির্ধারিত সময়ে ঈদুল আজহার জামাত শুরু হয়। এতে ইমামতি করেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।

কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাত নির্বিঘ্ন করতে র‍্যাব ও পুলিশের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। সাদাপোশাকে মোতায়েন ছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ছাড়া এপিবিএন, র‍্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করেন।

জেলা প্রশাসন ময়দান ঘিরে তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলে। প্রচুর সিসি ক্যামেরা বসানো হয়। মাঠের তিন দিকের সব কটি প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। দুটি গেটে মেটাল ডিটেক্টরে দেহ তল্লাশির পর মুসল্লিদের মাঠে ঢুকতে দেওয়া হয়।

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে বৃষ্টির কারণে ঈদ জামাত বাধাগ্রস্ত হয়েছে। এ ময়দানে প্রতি বছর ঈদ জামাতে লাখো মুসল্লি অংশ নিলেও এবার বৃষ্টির কারণে মাত্র কয়েক হাজার মুসল্লি অংশ নেন। ছবি: প্রথম আলো
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে বৃষ্টির কারণে ঈদ জামাত বাধাগ্রস্ত হয়েছে। এ ময়দানে প্রতি বছর ঈদ জামাতে লাখো মুসল্লি অংশ নিলেও এবার বৃষ্টির কারণে মাত্র কয়েক হাজার মুসল্লি অংশ নেন। ছবি: প্রথম আলো

জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, গত ঈদের অপ্রত্যাশিত হামলার বিষয়টি মাথায় রেখে এবার মাঠে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। নির্বিঘ্নে নামাজ আদায় করে মুসল্লিরা ঘরে ফেরায় কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান সন্তোষ প্রকাশ করেছেন।

গত ৭ জুলাই ঈদের দিন সকালে শোলাকিয়ায় পুলিশের ওপর জঙ্গিরা হামলা চালায়। তাতে জহিরুল ইসলাম ও আনসারুল হক নামের দুই পুলিশ কনস্টেবল নিহত হন। ঘরের ভেতর গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক। অন্যদিকে, পুলিশের গুলিতে নিহত হয় আবির রহমান নামের এক জঙ্গি। এ ঘটনায় গত ১০ জুলাই পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ সামসুদ্দীন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় মোট সাতজন কিশোরগঞ্জের কারাগারে আছেন।