শোলাকিয়ায় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত
প্রতিবারের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে গত মঙ্গলবার ঈদুল ফিতরের নামাজ একসঙ্গে পড়েছেন কমপক্ষে তিন লাখ মুসল্লি। এবারের জামাতটি ছিল ১৮৭তম। জামাতটি অনুষ্ঠিত হয়েছে সকাল ১০টায়। নামাজ পড়ান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
রীতি অনুযায়ী মঙ্গলবার জামাত শুরুর পাঁচ মিনিট, তিন মিনিট এবং এক মিনিট আগে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান শটগান দিয়ে তিনটি ফাঁকা গুলি ছোড়েন। ওই গুলির শব্দ পেয়ে মুসল্লিরা নামাজের জন্য প্রস্তুত হন।
শোলাকিয়া ঈদগাহ পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক এস এম আলম সাংবাদিকদের বলেন, এবার দেশ-বিদেশের তিন লাখের বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন।
বরাবরের মতো এবারও মাঠে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের সড়ক, খোলা জায়গা, নরসুন্দা নদীর তীর, এমনকি বাড়ির উঠানেও নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে যুদ্ধাপরাধীদের বিচার, গাঁজায় শান্তি এবং মাদকমুক্ত দেশ কামনা করে মোনাজাত করা হয়। শোলাকিয়ায় ঈদের জামাতকে কেন্দ্র করে ঈদগাহ ও কিশোরগঞ্জ শহরকে বিশেষ সাজে সজ্জিত করা হয়। রাস্তার দুই পাশে টানানো হয় রংবেরঙের পতাকা ও কালেমা লেখা ব্যানার। দূরের মুসল্লিদের আসা-যাওয়ার সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন ময়মনসিংহ ও ভৈরব থেকে ছেড়ে আসে।