শোষণের বিরুদ্ধে চাই ঐক্যবদ্ধ আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকের ন্যূনতম মজুরি বাড়ানো, ট্রেড ইউনিয়নের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবির সঙ্গে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের আলাদা আলাদা সমাবেশ থেকে। গতকাল শনিবার মহান মে দিবসকে সামনে রেখে জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশ আয়োজিত সমাবেশ থেকে সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেন, বাংলাদেশের অর্থনীতি সেই রকম হওয়া উচিত, যাতে শ্রমিকসমাজ ন্যায্য মজুরি পাবে। তাদের সন্তানের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত হবে। আর মালিকপক্ষ পরিমিত লাভ করবে। কিন্তু এখানে যে উন্নয়নের কথা বলা হয়, যে প্রবৃদ্ধির কথা বলা হয়, তা গরিবের ঘর পর্যন্ত পৌঁছায় না।
দলের কার্যকরী কমিটির সভাপতি মঈন উদ্দীন খান বাদল, উন্নয়ন যদি মেহনতি মানুষের কাজে না লাগে, তাহলে সেই উন্নয়নকে মানুষ বেশি দিন উন্নয়ন বলবে না। বর্তমানে দুনিয়ার মাত্র ৬২ জন মানুষের কাছে ৩৫০ কোটি মানুষের সম্পদ চলে গেছে। অচিরেই বিশ্বের ১ শতাংশ লোকের কাছে ৯৯ ভাগ সম্পদ চলে যাবে। সম্মিলিত প্রতিরোধ ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়।
সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ শেষে নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়।
সকালে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের (ইউএফজিডব্লিউ) সমাবেশ থেকে সংগঠনের সভাপতি রায় রমেশ চন্দ্র আট ঘণ্টা কাজ ও বাঁচার মতো মজুরি নিশ্চিত করার জন্য সর্বস্তরের শ্রমিকদের প্রতি গঠনমূলক ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কাউসার আহম্মেদ।
একই স্থানে বাংলাদেশ বস্ত্র ও পোশাকশিল্প শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান। সমাবেশ থেকে অন্য বিভিন্ন দাবির সঙ্গে মজুরিসহ মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা ও দুই ঈদে দুটি বোনাস দেওয়ার দাবি জানান শ্রমিকনেতারা।
প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বিএলএফ)। সভায় বক্তব্য দেন হাবিবুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, বিএলএফের সাধারণ সম্পাদক জেড এম কামরুল আনাম প্রমুখ।