পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, লেখকদের লেখার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতির বিকাশসহ সমাজকে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দিতে হবে। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে শোষণ-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে।
গতকাল শনিবার ‘লেখনীর ছোঁয়ায় জেগে উঠুক আদিবাসী প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক সম্মেলন ২০১৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক সম্মেলন ২০১৪ প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিশির চাকমার সভাপতিত্বে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সকাল ১০টায় এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের শুরুতে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত আদিবাসী লেখক প্রভাংশু ত্রিপুরা মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। সম্মেলনে বিশেষ অতিথি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের উপাচার্য মুহাম্মদ সামাদ বলেন, ‘লেখকদের লেখনীর মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতির চেতনা জাগ্রত করতে হবে। পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, অস্ত্র ফেলে দেওয়া বড় গ্লানি, যাঁরা অস্ত্র ছেড়ে দিয়ে চুক্তিতে আবদ্ধ হয়েছেন তাঁদের চুক্তি বাস্তবায়ন না হওয়ার দুঃখ আছে। লেখকদের এ দুঃখ ও গ্লানি লেখার মাধ্যমে দূর করতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটির সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়ক ওয়াসিউর রহমান তন্ময়, লেখক ও গবেষক ক্য শৈ প্রু এবং পার্বত্য চট্টগ্রাম আদিবাসী লেখক সম্মেলন ২০১৪ প্রস্তুতি কমিটির সদস্যসচিব আনন্দ জ্যোতি চাকমা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জির কুং সাহুর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও কবি শিশির চাকমা। প্যানেল আলোচক ছিলেন প্রাবন্ধিক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা এবং রাঙামাটি সরকারি মহিলা কলেজের প্রভাষক বিপম চাকমা, লেখক সিং ইয়ং ম্রো।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সম্মেলনে তিন পার্বত্য জেলার দেড় শতাধিক লেখক, কবি ও সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করেন।