শৌচাগার সেবার তথ্য জানাতে হাইকোর্টের নির্দেশ
রাজধানীতে শৌচাগারসেবার জন্য কী ব্যবস্থা রয়েছে, তা জানিয়ে প্রতিবেদন দিতে বলেছেন উচ্চ আদালত। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রদের এই প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।
রুলে নগরবাসীর জন্য পর্যাপ্তসংখ্যক শৌচাগারের ব্যবস্থা নিশ্চিত না করা কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, রাজউকের চেয়ারম্যান, দুই সিটি করপোরেশনের মেয়র, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। আদেশের বিষয়টি জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি নজরে এলে স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন আদালত।