শৌচাগারে বিস্ফোরণ, চার শিশু দগ্ধ
ঢাকার সাভারের আমিনবাজারের ধোবরাই গ্রামে শৌচাগারে বিস্ফোরণে একই পরিবারের চার শিশু দগ্ধ হয়েছে। তাদের সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আহত শিশুরা হলো রাকিব (১২), জারা (৪), সারা (৬) ও জিহাদ (৮)।
ধোবরাই গ্রামের বাসিন্দা আবু সাঈদ বলেন, তাঁর ভাই, ভাতিজি, ভাগনি ও মামাতো ভাই গত শনিবার রাত আটটার দিকে বাড়ির নিচতলায় লাটিম খেলছিল। তখন বিদ্যুৎ ছিল না। খেলার একপর্যায়ে লাটিম হারিয়ে গেলে তারা মোমবাতি দিয়ে তা খুঁজতে থাকে। একপর্যায়ে মোমবাতি হাতে তারা বন্ধ একটি শৌচাগারের দিকে গেলে প্রচণ্ড শব্দে সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনে চার শিশুর মুখ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যায়। ঘটনার পর তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখার পর গতকাল সন্ধ্যায় রাকিব ছাড়া অন্যদের ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
জারার বাবা জাহিদুর রহমান বলেন, তাঁদের চারতলা বাড়ির নিচতলায় দুটি শৌচাগার রয়েছে। এর একটি তাঁরা নিয়মিত ব্যবহার করেন। অপরটি প্রায় সারা বছরই বন্ধ থাকে। আত্মীয়স্বজন এলে মাঝেমধ্যে তা ব্যবহার করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে গ্যাস জমে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এনাম মেডিকেলের চিকিৎসক মো. সেলিম বলেন, আগুনেশিশুদের মুখমণ্ডল গলা ও হাতের ১৫-৩০ ভাগ ঝলসে গেছে। তবে তারা শঙ্কামুক্ত।