শৌচাগারের পানি ওয়ার্ডের মেঝেতে দুর্গন্ধে টেকা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুর্গন্ধের কারণে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। নিয়মিত পরিষ্কার না করায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সিঁড়িতে ময়লা-আবর্জনা জমে থাকছে। কয়েকটি ওয়ার্ডে শৌচাগারের ময়লা পানি গড়িয়ে মেঝেতে গিয়ে পড়ছে।
রোগীরা অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবং এখানে নিয়োগ করা ঝাড়ুদার ও পরিচ্ছন্নতাকর্মীরা সঠিকভাবে কাজ না করায় যত্রতত্র ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডের শৌচাগার ও গোসলখানা নিয়মিত পরিষ্কার না করায় সেখান থেকে উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধের কারণে ভর্তি হওয়া রোগীরা হাসপাতালে টিকতে পারছেন না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে গড়ে প্রতিদিন ২৭০ জন রোগী ভর্তি থাকেন। রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য আটটি ওয়ার্ড রয়েছে। হাসপাতালে স্থায়ী ঝাড়ুদার ১৮ জন ও দৈনিক ভিত্তিতে আরও ২০ জন ঝাড়ুদার আছেন। এ ছাড়া নয়জন আয়া এবং আটজন সুইপার পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন।
২৬ অক্টোবর সকালে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের জরুরি বিভাগ, সিঁড়ি, প্রতিটি ওয়ার্ড, ওয়ার্ডের মেঝে—সব জায়গাই দুর্গন্ধ। এসব স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। দেখলে মনে হয় অনেক দিন ধরে ওয়ার্ডগুলো পরিষ্কার করা হয়নি।
ডায়রিয়া, স্ত্রীরোগ ও প্রসূতি, অর্থোপেডিকস, সার্জারি ও শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, শৌচাগার ও গোসলখানার পানি গড়িয়ে ওয়ার্ডের মেঝেতে এসে পড়েছে। শৌচাগার ও গোসলখানা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কোনো ওয়ার্ডের শয্যার নিচে ময়লা ফেলার জন্য কোনো পাত্র দেখা যায়নি। রোগীদের ওয়ার্ড পরিচ্ছন্ন না থাকলেও হাসপাতালের চিকিৎসকদের চেম্বার ও প্রশাসনিক এলাকা বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মচারী বলেন, এখানে আটজন পরিচ্ছন্নতাকর্মী থাকলেও তাঁরা নিয়মিত কাজ করেন না। এদিকে ঠিকাদার মোস্তাক আহমেদ ভূঁইয়ার অধীনে দৈনিক ভিত্তিতে ২০ জন ঝাড়ুদার থাকলেও তাঁদের মধ্যে ছয়-সাতজন কাজ করেন না। তাঁরা কাজ না করেই বেতন তুলে নিচ্ছেন।
সরাইল উপজেলার লিটন মিয়া নামের এক রোগী জানান, দুর্গন্ধের কারণে সকালে চিকিৎসকেরাও বেশিক্ষণ ওয়ার্ডে থাকতে চান না। কোনোমতে দ্রুত রোগীদের দেখে চিকিৎসকেরা ওয়ার্ড ত্যাগ করেন।
ঠিকাদার মোস্তাক আহমেদ ভূঁইয়া বলেন, ‘ঝাড়ু না দিয়ে বেতন তুলে নেওয়ার বিষয়টি আমি জানি না। এমন হয়ে থাকলে তো বিষয়টি খুবই খারাপ। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’ সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার ইনামুল হক দাবি করেন, প্রতিদিন সকাল, দুপুর ও রাতে ওয়ার্ডগুলো পরিষ্কার করা হয়।
সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এ কে এম হারুনুর রশিদ বলেন, হাসপাতালে শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি থাকে। এ ছাড়া বহির্বিভাগের রোগীরা বিভিন্ন ওয়ার্ডের শৌচাগার ব্যবহার করেন। এ কারণে সেখানে ময়লা জমে থাকে। শৌচাগারগুলো শিগগিরই পরিষ্কার করা হবে।